প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন প্রেমিক এবং আইপিএলের সাবেক চেয়ারম্যান লালিত মোদী। বিচ্ছেদের পরেও অভিনেত্রীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত তিনি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লালিত, সুস্মিতাকে নিজের ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।
১৯ নভেম্বর ছিল সুস্মিতার জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে, লালিত ইনস্টাগ্রামে অভিনেত্রীর সঙ্গে তোলা একটি সাদা-কালো ছবি প্রকাশ করেছেন। ছবিতে সুস্মিতাকে কালো পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে, আর তার পাশে সাদা পোশাকে লালিত রয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুস্মিতা সেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থেকো।’
লালিতের এই শুভেচ্ছাবার্তা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। একসময় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তবে সাম্প্রতিক পোস্টে সুস্মিতার প্রতি লালিতের আন্তরিকতা আবারও সকলের নজর কেড়েছে।
২০২২ সালের জুলাই মাসে লালিত তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তিনি মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপর তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে লালিত স্পষ্ট করেন যে, তারা সম্পর্কে থাকলেও বিয়ে করেননি।
একই বছরের সেপ্টেম্বর মাসে, লালিত তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সুস্মিতার ছবি এবং তাকে নিয়ে করা পোস্টগুলো সরিয়ে ফেললে বিচ্ছেদের জল্পনা শুরু হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন সঙ্গী রিমা বৌরির সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করে লালিত। তিনি তাদের ২৫ বছরের বন্ধুত্ব কীভাবে প্রেমে রূপ নিয়েছে, সে বিষয়েও কথা বলেন।
সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণ সম্পর্কে এক সাক্ষাৎকারে লালিত জানিয়েছিলেন, ভৌগোলিক দূরত্ব তাদের সম্পর্ককে প্রভাবিত করেছিল। সুস্মিতার কাজের ক্ষেত্র ভারতকেন্দ্রিক হলেও, লালিত লন্ডনে বসবাস করতেন। ফলে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
তবে বিচ্ছেদের পরেও লালিত বিভিন্ন সময়ে সুস্মিতার প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্বের কথা জানিয়েছেন। তিনি অভিনেত্রীর দুই মেয়ে রেনে ও আলিশাকে একা হাতে বড় করে তোলার প্রশংসাও করেছেন। সুস্মিতাকে স্বনির্ভর ও সফল নারী হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন, নিজের পরিচয় গড়তে তার কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই।
এবার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে লালিত মোদী তাদের সম্পর্কের নতুন এক দিক সামনে আনলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন