প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে গবেষণার পরিধি বৃদ্ধির সাথে সাথে গবেষণার মান, সততা এবং দায়িত্বশীল প্রকাশনার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জাতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), যেখানে গবেষণায় নৈতিকতা, প্রকাশনার মান, একাডেমিক মেন্টরশিপ, গবেষণা মূল্যায়ন এবং জেনারেটিভ এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।
‘হিউম্যানিটিজে দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউল্যাবের ঢাকার মোহাম্মদপুরের ৬৮৮ বেড়িবাঁধ রোডের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা। গোলটেবিল বৈঠকের আহ্বায়ক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ রাফি।
আলোচনায় বাংলাদেশের গবেষণা ও প্রকাশনার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে মানবিক শাখায় উপযুক্ত জার্নাল নির্বাচন, পিয়ার-রিভিউয়ের মানদণ্ড, লেখকসত্ত্ব ও উদ্ধৃতি নীতি, জেনারেটিভ এআইয়ের ব্যবহার এবং গবেষণা মূল্যায়নের পরিবর্তিত পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও, গবেষকদের জন্য কার্যকর একাডেমিক মেন্টরশিপ, প্রকাশনায় প্রাতিষ্ঠানিক প্রণোদনা এবং নতুন গবেষকদের প্রয়োজনীয় সহায়তা নিয়েও অংশগ্রহণকারীরা মতবিনিময় করেছেন।
গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়লা সুলতানা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাজিয়া মনজুর এবং ইউল্যাবের অফিস অব ফ্যাকাল্টি রিসার্চের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হক জোয়ারদার।
আয়োজকদের মতে, গবেষণার বিস্তারের পাশাপাশি গবেষণাকর্মের মান ও সততা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনার পরিবেশ তৈরি করতে পারে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
ইউল্যাব মনে করছে, গোলটেবিল বৈঠকটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি বাংলাদেশে দায়িত্বশীল গবেষণা-সংস্কৃতি নিয়ে বৃহত্তর জাতীয় সংলাপের সূচনা। গবেষণার মানোন্নয়ন ও একাডেমিক উৎকর্ষের লক্ষ্যে ভবিষ্যতে গবেষক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরো বিস্তৃত আলোচনার ক্ষেত্র তৈরির প্রত্যাশা আয়োজকদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন