প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুরোনো যন্ত্রাংশ ঘোষণার আড়ালে জাপান থেকে আমদানি করা প্রায় ১২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ির যন্ত্রাংশের চালান আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনালে থাকা চালানটিতে লেক্সাস ও বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির গুরুত্বপূর্ণ অংশ পাওয়া গেছে।
সিআইআইডি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক সাগর সেন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চালানটি সোমবার আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজধানীর ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা চালানটিতে ‘ইউজড স্পেয়ার পার্টস’ ঘোষণা দেওয়া হয়েছিল। এতে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫ মডেলের বিভিন্ন অংশ, হোন্ডা বি১৮সি টাইপ-আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ বা হাফ-কাট, টায়ারসহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ পাওয়া যায়।
চালানটি বন্দরে পৌঁছানোর এক মাসের বেশি সময় পার হলেও আমদানিকারক কোনো বিল অব এন্ট্রি দাখিল করেননি। পরে গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনারটির ওপর নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা। সিল কেটে কায়িক পরীক্ষা চালালে ঘোষণার সঙ্গে পণ্যের অসঙ্গতি ধরা পড়ে।
কাস্টমস গোয়েন্দারা জানান, গাড়ি হিসেবে বিবেচনা করলে চালানটির মূল্য প্রায় ১২ কোটি টাকা। শুল্ক ফাঁকির উদ্দেশ্যে গাড়ি কেটে যন্ত্রাংশ হিসেবে আমদানি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় মানি লন্ডারিং হয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন