প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার পাইকগাছায় শীতের মৌসুমের শুরুতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটছে। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, শীত মৌসুম এলেই এক শ্রেণীর চিহ্নিত অতিথি পাখি শিকারি বক্সে মিউজিক ও ফাঁদ পেতে অতিথি পাখিদের অবাধে নিধন করছে। উপজেলার লতা, দেলুটি, গদাইপুর, গড়ইখালী, চাঁদখালী ও সোলাদানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতিথি পাখির সংখ্যা যেমন বেড়েছে, তেমনি শিকারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে অতিথি পাখি শিকারিরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, সন্ধ্যা হলেই উপজেলার বিভিন্ন বিল, খাল, চিংড়ি ও মৎস্য ঘের, আমন ধানের ক্ষেতে অতিথি পাখি শিকারীরা ফাঁদ পাতছে। সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে সাধারণত রাত ৮টার পর উচ্চ শব্দ পাখির ডাক বাজানো হয়। ভোরের আলো ফুটানোর আগে শিকারিরা পাতা ফাঁদগুলো গুটিয়ে নেয়। আকাশে উড়ন্ত পাখিকে নিচে নামাতে মোবাইল ফোন ও সাউন্ড বক্সে ইন্টারনেট থেকে সংগৃহীত পাখির ডাক উচ্চস্বরে বাজানো হচ্ছে। এভাবে প্রতারণার ফাঁদে বিভ্রান্ত হয়ে পাখিরা নিচে নামলেই আটকা পড়ছে দুই থেকে তিন একর এলাকা জুড়ে পুঁতে রাখা কারেন্ট জাল ও লতাপাতার ফাঁদে। এ ছাড়া কৃত্রিম পাখি বসিয়ে তৈরি করা হচ্ছে ফাঁদঘর।
দিনের বেলায় খাদ্য সংগ্রহের সময় মাছ ও ফড়িংয়ে বিষ মিশিয়েও পাখি নিধনের অভিযোগ উঠেছে। ফাঁদে বালিহাঁস, শামুকখোল, নীলশির, লালশির, বড় সরালী, ছোট সরালী, সাদা বক, ধূসর বক, গো বক, পানকৌড়ি, কাদা খোঁচা, মাছরাঙা, রাত চরা ও সারস উল্লেখযোগ্য পাখি ধরা পড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, মধ্যে তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়িয়া ও কুমখালীসহ বিভিন্ন এলাকায় এ ধরনের শিকারীদের অতিথি পাখি নিধন কার্যক্রম চলছে। ধরা পড়া পাখি গোপনে স্থানীয় বাজারে তোলা হচ্ছে, এমনকি মুঠোফোনে অর্ডার পেলে ব্যাগভর্তি করে মোটরসাইকেলে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ। আইনে পাখি নিধনের ক্ষেত্রে সর্বচ্চো এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণ হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালিয়ে জাল ও ফাঁদ ধ্বংস করা হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এই অবৈধ কার্যক্রম। পাখি শিকার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংশ্লিষ্ট বর্ণ বিভাগের কর্মকর্তা প্রবীর দত্ত বলেন, "পারিযায়ী ও দেশীয় পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে।" পাখি শিকার রোধে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করার কথা জানান তিনি। স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলের মতে, শুধু অভিযান নয়, পাখি শিকারের বিরুদ্ধে নিয়মিত নজরদারি, আইনের কঠোর প্রয়োগ এবং স্থানীয় মানুষের মধ্যে সচেতনা বাড়ানো গেলে তবেই পাইকগাছার জলাশয়গুলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান বলেন, "পাখি শিকার রোধে আমাদের অভিযান চলছে। ইতিমধ্যে অনেককে ধরা হয়েছে। পাখি শিকারি ধরার জন্য পাইকগাছার এসব বিলে আমাদের টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন