প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট খুলতে পারে যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নতুন করে শুরু হয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম। তবে ইরানের শাসকগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়লে গোষ্ঠীটি যুদ্ধে অংশ নিতে পারে।
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য এসেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনের ভিত্তিতে।
লেবাননের একটি জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়লেও যদি ইরানের শাসনব্যবস্থার টিকে থাকা হুমকির সম্মুখীন হয়, তাহলে হিজবুল্লাহ যুদ্ধে জড়াতে পারে।
তিনি আরও বলেন, গোষ্ঠীটি মনে করে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে এই ‘রেড লাইন’ অতিক্রম করা হবে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, খামেনি নিহত হলে হিজবুল্লাহ কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই অবহিত করেছে গোষ্ঠীটির প্রতিনিধিরা।
গত মাসে ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনও হিজবুল্লাহর যোদ্ধাদের উপস্থিতি রয়েছে। তারা সেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজ করছেন।
এদিকে, রয়টার্স লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হতে পারে—এমন আশঙ্কায় অন্তত তিন মাস ধরে প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি এ জন্য ইরানের কাছ থেকে অর্থও পেয়েছে।
সূত্রগুলো দাবি করেছে, সামরিক সক্ষমতা বাড়াতে হিজবুল্লাহ ইরান থেকে কয়েক কোটি ডলার পেয়েছে। এর বাইরে, আগে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা প্রায় ২০ কোটি ডলারের অর্থও রয়েছে।
রয়টার্সের সূত্রগুলো আরও জানিয়েছে, হিজবুল্লাহ বিস্ফোরক সংগ্রহ, ড্রোন তৈরি এবং নিজেদের কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে।
তবে হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর এসব ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার দাবি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহর অর্থায়ন বন্ধে ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন