প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার ট্রলার ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেছে। এই ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার দুই জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা কামাল উদ্দিন নামে একজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কেনার উদ্দেশ্যে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান ওই জেলেরা। বোটটি কেনার পর রোববার রাতে তাঁরা সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে, আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং একপর্যায়ে পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়।
দুর্ঘটনার পর কামাল উদ্দিন কার্গো জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, "চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন