প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির পশ্চিমাঞ্চলে স্পাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবরটি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পলিটিকো জানায়।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে জানিয়েছে, কয়েকটি বিমান নিয়ে একটি মহড়া চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য বিমানগুলোকে রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা উপস্থিত হন। আইফেলক্রাইস বিটবুর্গ-প্রুম জেলার দমকল ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
জেলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন এবং পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তবে, দুর্ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।
মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। এসব বিমান যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে স্পাংডাহলেম বিমানঘাঁটির দক্ষিণে জেমার-রডট এলাকায় নিয়মিত প্রশিক্ষণের সময় আরেকটি মার্কিন এফ-১৬ বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায়ও পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং সামান্য আহত হন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন