প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড তারকাদের বিরুদ্ধে একের পর এক হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি অভিনেতা আয়ুষ্মান খুরানা হুমকির মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে যে, কোটি কোটি টাকা দাবি করে তাকে হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। এই ঘটনায় মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আয়ুষ্মান খুরানার কাছে একটি অডিওবার্তার মাধ্যমে অর্থ দাবি করে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ তদন্তে নেমেছে। তবে হুমকিদাতার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্তকারীরা অডিওবার্তায় থাকা কণ্ঠস্বরের সঙ্গে তাদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখছেন। এর মাধ্যমে হুমকিদাতার প্রকৃত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকিদাতার পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আয়ুষ্মান খুরানা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অভিনেতার পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তদন্তের স্বার্থে হুমকিদাতার পরিচয় কিংবা ঠিক কত টাকা দাবি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে মঙ্গলবার বলিউডের আরেক অভিনেতা তুষার কাপুরের কাছেও এসেছিল হুমকির ফোন। তার কাছে পাঁচ কোটি রুপি দাবি করে এক ব্যক্তি। ফোনে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিল ওই হুমকিদাতা। তবে প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের ধারণা, ঘটনাটি ভুয়া। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ওই ব্যক্তির কোনো যোগসূত্র নেই বলেই সন্দেহ করছেন তদন্তকারীরা।
ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, তুষার কাপুরের মতো আয়ুষ্মান খুরানাকেও কি একই কায়দায় ভুয়া হুমকি দেওয়া হয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো যোগসূত্র? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হামলার শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হন তার গাড়িচালকসহ আরও একজন। পরপর এমন হুমকি ও হামলার ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন