প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের বদরগঞ্জে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে জমি প্রস্তুত, চারা রোপণ এবং পরিচর্যার কাজের পাশাপাশি কোথাও কোথাও আগাম উৎপাদিত সবজি সংগ্রহ ও বাজারজাত করার কাজ চলছে। গত মৌসুমে আগাম সবজি চাষ করে লাভ হওয়ায় এবারও কৃষকরা আশাবাদী। মৌসুমের শুরুতে তুলনামূলক ভালো দাম পাওয়ার প্রত্যাশায় শীতের আগেই সবজি চাষে ঝুঁকছেন তারা।
যমুনেশ্বরী নদীর তীরবর্তী জামুবাড়ি, দামোদরপুর, মধুপুর, লোহানীপাড়া, কাচাবাড়ি, কালুপাড়া ও কুতুবপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, করলা, পটল, লাউ, মুলা, টমেটো, মিষ্টিকুমড়া, চালকুমড়া, গাজর ও বিভিন্ন জাতের শাকের আবাদ হচ্ছে। এসব সবজি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার হেক্টর জমিতে। ইতোমধ্যে ৯৯১ হেক্টর জমিতে সবজির আবাদ সম্পন্ন হয়েছে। কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে সবজি চাষের কর্মযজ্ঞ। কোথাও কৃষকরা চারা রোপণ করছেন, কোথাও পরিচর্যায় ব্যস্ত। আবার কোনো কোনো জমি থেকে উৎপাদিত সবজি তুলে বাজারজাত করছেন। ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। এতে পরিবহন খরচ ও বাজারে পণ্য নিয়ে যাওয়ার ভোগান্তি কমছে কৃষকদের।
বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ি এলাকার কৃষক আবদুল হাকিম (৫০) জানান, তিনি এবার ২০০ শতাংশ জমিতে ফুলকপি, ৪০ শতাংশে বেগুন, ৫০ শতাংশে আগাম আলু এবং ২০ শতাংশ জমিতে বিভিন্ন জাতের শাকের আবাদ করেছেন। গত বছর ২০০ শতাংশ জমিতে ফুলকপি চাষ করে প্রায় দেড় লাখ টাকা লাভ করেছিলেন। এবারও অনুকূল আবহাওয়া ও ভালো বাজারদর পেলে একই রকম লাভের আশা করছেন তিনি।
আবদুল হাকিম বলেন, ‘সবজি চাষ করে আমাদের সংসারে সচ্ছলতা এসেছে। এখন আর সবজি বিক্রির জন্য হাটবাজারে যেতে হয় না। পাইকাররা ক্ষেত থেকেই সবজি কিনে নিয়ে যান। এতে সময় ও খরচ দুটোই কমে।’ তবে কৃষি বিভাগের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি অফিস থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। কেউ কখনো খোঁজখবরও নেননি।’
কালুপাড়া ইউনিয়নের ফুলপুকুর এলাকার কৃষক ফারুক মিয়া জানান, এ ইউনিয়নে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
উপজেলার কাচাবাড়ি এলাকার কৃষক শাহাজান সরকার (৫৫) বলেন, চলতি মৌসুমে ৩০ শতাংশ জমিতে বেগুন চাষ করেছেন তিনি। এ পর্যন্ত দুই দফায় প্রায় ১৪ মণ বেগুন তুলে আড়তে বিক্রি করেছেন। প্রতি মণ বেগুনের দাম পেয়েছেন ১ হাজার ৭৫০ টাকা। জমিতে আরও তিন থেকে চার দফা বেগুন তোলার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি। এখন ঢাকার পাইকাররা জমি থেকেই সবজি কিনে নিয়ে যান। এতে সময় ও পরিবহন খরচ বাঁচে।’
দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের কৃষক আতিকুর রহমান (৪০) জানান, তিনি ৩০ শতাংশ জমিতে করলার আবাদ করেছেন। তার মতে, তুলনামূলক কম জমি ও পুঁজি দিয়েও সবজি চাষ শুরু করা যায়। অল্প সময়ের মধ্যে উৎপাদিত সবজি বিক্রির উপযোগী হওয়ায় নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়।
স্থানীয় কৃষকদের মতে, আগাম সবজির সরবরাহ কম থাকায় মৌসুমের শুরুতে দাম তুলনামূলক ভালো পাওয়া যায়। তবে উৎপাদন খরচ, আবহাওয়া ও বাজারদরের ওঠানামা কৃষকদের লাভের ওপর প্রভাব ফেলতে পারে।
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.সেলিনা আফরোজ বলেন, বদরগঞ্জ সবজি চাষের জন্য একটি পরিচিত উপজেলা। এখানে ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন ধরনের সবজির উল্লেখযোগ্য আবাদ হচ্ছে। আগাম সবজি উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষকরাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। সবজির উৎপাদন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগাম জাতের সবজি চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন