প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, এলাকায় রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমস্ত ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি তা ও বলেছেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
শুক্রবার (৩ জুলাই) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তিনি।
মন্ত্রী বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট ও আস্থার কারণে তিনি সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি জনগণের এই আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চান।
তিনি আরো বলেন, সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে উন্নয়নকাজ শুরু করেছে। পর্যায়ক্রমে এলাকার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা হবে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে নিম্নমানের কাজ বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। যেকোনো স্থানে অনিয়ম দেখা গেলে স্থানীয় জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ধনবাড়ী ও মধুপুরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও জুয়ার স্থান হতে দেওয়া হবে না। সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।
তিনি জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রী ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠের মাটিভরাট কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন