প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবে দর্শকের মনে নিজের দাপুটে উপস্থিতি দিয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই পরিচিত মুখ মুকেশ ঋষি ঢাকাই সিনেমায় দেখা দিতে যাচ্ছেন। বাংলাদেশে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের এই অভিনেতা।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিজেই। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে তার।
এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে জানান, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। তিনি চলতি মাসেই বাংলাদেশে আসবেন শুটিংয়ে অংশ নিতে। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’
বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন বেশ বৈচিত্র্যময়। তিনি হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করে আসছেন এই অভিনেতা।
বিশেষ করে ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান মুকেশ ঋষি। পর্দায় তার ভয়ংকর উপস্থিতি ও সংলাপ বলার ভঙ্গি দর্শকদের মধ্যে আলাদা সাড়া ফেলেছিল। এ ছাড়া বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
এবার ‘নসিব’-এর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেতার। বলিউডের পরিচিত এই খলনায়কের উপস্থিতি সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এখন দর্শকের অপেক্ষা, ঢাকাই সিনেমার পর্দায় মুকেশ ঋষির সেই চেনা দাপট কতটা নতুনভাবে ধরা দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন