প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষকের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোরভাবে সতর্ক করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনে যদি কোনো ডিলারের অবহেলা বা অনিয়ম দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে তার ডিলারশিপ বাতিল করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা ও পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এনডিসি।
কৃষি সচিব উল্লেখ করেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত করা গেলে সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে হবে। উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সার ডিলারদের মধ্যে এখন আর কোনো বিভাজন নেই; সকলেই কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার। তাই প্রত্যেককে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সার মজুত ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য সার মনিটরিং সেলও সার্বক্ষণিক খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বরাদ্দের পরও অনেক ক্ষেত্রে ডিলাররা সার উত্তোলন করেননি উল্লেখ করে কৃষি সচিব বলেন, যেসব ডিলারের নামে সার বরাদ্দ রয়েছে, তাদের দ্রুত তা উত্তোলন করে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। সার বিতরণে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের সুযোগ নেই।
সভায় সারের সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান। এতে সারের সার্বিক ব্যবস্থাপনার সরবরাহ ব্যবস্থায় উত্তোলন ও অনুত্তোলনসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হয়। তিনি জানান, সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
কৃষকদের পরিমিত ও সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্ব দেন কৃষি সচিব। তিনি বলেন, জমির উর্বরতা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এ জন্য কৃষকদের মাটি পরীক্ষা এবং ফসলভিত্তিক সুপারিশ অনুসারে সার ব্যবহারে সচেতন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং উপসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মুহাম্মদ শহিদ উল্লাহ।
এছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সার ডিলারদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সার সরবরাহ, বিতরণ ও মাঠপর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন