প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ির দিকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় মো. এনামুল নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে পুলিশের একটি টহল গাড়ির দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এই হামলায় গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হন।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানার পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ির দিকে ককটেল নিক্ষেপ করা হয়।
ককটেল বিস্ফোরণের ফলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে এ ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন