প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সোমবার (১৬ নভেম্বর) ফেসবুকে একটি পোস্টে তিনি এ বিষয়টি তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে বলেন, ‘খুলনায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন, চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলছেন না। সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে, ৮ থানায় সক্রিয় ১৮১ জন সন্ত্রাসী রয়েছে। প্রধানমন্ত্রী কিংবা আইজিপির সফরেও সন্ত্রাসীদের কার্যক্রমে কোনো বিরতি দেখা যায়নি। নগর প্রশাসক ও বিএনপি নেতা বলছেন, এভাবে চললে মানুষ আর খুলনায় থাকতে পারবে না। সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন একটি মৃত নগরী। কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হন দুই এসআইসহ তিন পুলিশ সদস্য।
এদিকে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রল বোমা নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার অবস্থা নিয়ে আলোচনা না করাই ভালো।
এতকিছুর পরও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দৃশ্যমান কোনো অবনতি হয়নি। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসে একটি মন্ত্রণালয় ছিল, ‘মিনিস্ট্রি অব ট্রুথ’। যদিও নাম সত্যের মন্ত্রণালয়, তার কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনি এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত। দায়িত্ব পালনের পরিবর্তে ভারসাম্যহীন বক্তব্য দিয়েই তিনি দিন দিন বিখ্যাত হয়ে উঠছেন। অরওয়েলের দুর্ভাগ্য, তিনি ১৯৮৪ কল্পকাহিনি হিসেবে লিখেছিলেন। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে বাস্তবায়ন করছেন সরকারি কর্মপরিকল্পনা হিসেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন