প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফজলে রাব্বি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক এবং বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ফজলে রাব্বির বন্ধু মো. তামিম বলেন, ‘গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’
এদিকে, ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।’
ফজলে রাব্বির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও বন্ধুদের অনেকেই তার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন