প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধের জন্য বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, খাদ্যে ভেজাল শনাক্তের জন্য সরকারি বিভিন্ন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব পরীক্ষার ফলস্বরূপ বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া খাদ্য নিরাপত্তা বিষয়ে শিশুদের সচেতন করা এবং নারীদের নিয়ে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরে খাদ্যমন্ত্রী জানান, সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি, মোবাইল ল্যাবে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তবে, খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, আইন প্রয়োগ ও জরিমানা করে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা কঠিন। এজন্য তিনি মানুষের মধ্যে নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত হওয়া প্রয়োজন বলে মনে করেন। খাদ্যে ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়টি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আইনমন্ত্রীর জবাবে বলা হয়, খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আইনের প্রস্তাব পাঠানো হলে তা যাচাই-বাছাই করে যুগোপযোগী ও জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ময়মনসিংহ-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, খাদ্যপণ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান ও দূষক শনাক্তকরণে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষাগারের যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন