প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মশার লার্ভা নিধন অভিযান শুরু করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রশাসক উল্লেখ করেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেসিসি সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে। তিনি বলেন, ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ করা গেলেও সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এডিস মশার বংশবিস্তার রোধ করতে হলে আমাদের নিশ্চিত করতে হবে যে ঘরের ভেতর, ছাদ, বারান্দা এবং আশপাশে কোথাও ৩ দিনের বেশি পানি জমে না থাকে। প্রশাসক আরও বলেন, এই লড়াইয়ে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন।
মশার লার্ভা নিধন অভিযান সফল করার জন্য বিদ্যমান লোকবলের পাশাপাশি ৩১টি ওয়ার্ডে অতিরিক্ত ৫ জন স্প্রেম্যান নিযুক্ত করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডের ড্রেনসহ সকল জলাবদ্ধ পানিতে এবং বাড়ির অভ্যন্তরীণ ড্রেনসমূহে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানোর কাজ করবে। আজ থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চলতি মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।
ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশাসক। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা অপসারণসহ নিজ নিজ বাড়ির আঙ্গিনা নিয়মিত পরিষ্কার রাখতে। একইসাথে এই উদ্যোগ সফল করতে মাঠ পর্যায়ে কর্মরত সকলকে কাজ করার নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, মো. ইসহাক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেসিসি’র সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন