প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ডাউন থাকার কারণে সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সঞ্চয়পত্র কেনা এবং বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা। একই সঙ্গে আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনীয় উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও দিতে পারছেন না তারা। এর ফলে রিটার্ন জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন করদাতারা। এমনকি ই-রিটার্নে তথ্য পূরণ করে সাবমিটের অপেক্ষায় থাকা আবেদনগুলোও আটকে গেছে। সার্ভার বিপর্যয়ের কারণে সঞ্চয়পত্রের গ্রাহকরা ভোগান্তিতে রয়েছেন।
আব্দুল আউয়াল খান নামের একজন গ্রাহক জানান, সঞ্চয়পত্রের মাসিক মুনাফার অর্থ দিয়ে তার সংসারের খরচ চলে। কিন্তু গত কয়েক দিন ধরে তিনি সেই টাকা তুলতে পারছেন না। ব্যাংকে যোগাযোগ করে জানতে পেরেছেন, সার্ভার ডাউন থাকার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "এত গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকলেও এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।"
বৃহস্পতিবার সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান আমার দেশকে জানান, গত তিন দিন ধরে সার্ভার ডাউন রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই সেবা চালু হয়ে যাবে। তবে রাতের পরেও আগামী রোববার ছাড়া গ্রাহকরা লেনদেন করতে পারবেন না। রোববার সকাল ৯টা থেকে লেনদেন শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে জানা যায়, গত মঙ্গলবার থেকে সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এরপর থেকেই সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি বন্ধ রয়েছে। সঞ্চয়পত্র কিনতে আসা অনেক গ্রাহককে ফিরে যেতে হচ্ছে। একইভাবে যাদের মুনাফা উত্তোলনের সময় হয়েছে, তারাও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না।
সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট আয়ের অনেক মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে দীর্ঘ সময় সেবা বন্ধ থাকায় তাদের ভোগান্তি আরও বেড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন