প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মতিঝিল সরকারি আইডিয়াল কলোনিতে অনুমোদনহীন স্থাপনা নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার এবং রাতভর টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা উচ্ছেদের দাবি জানিয়েছেন, কারণ এতে আবাসিক পরিবেশ নষ্ট হচ্ছে।
অভিযোগের মধ্যে রয়েছে, কলোনির ৯০ নম্বর ভবনের সামনে গাছপালার আড়ালে নির্মিত একটি টিনশেড স্থাপনায় সন্ধ্যার পর লোকজনের আনাগোনা বৃদ্ধি পায়। রাতভর সেখানে তাস, লুডু ও ক্যারম খেলার নামে অর্থ লেনদেন চলে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন টেবিলে বসে টাকা লেনদেন করছেন।
স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। রাতভর লোকজনের আনাগোনা ও অর্থের লেনদেনের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, এমন কর্মকাণ্ডের ফলে কয়েকটি পরিবারে পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিরোধের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী এফ এম আশ্রাফুল আউয়াল রানা জানিয়েছেন, ‘তিন দিন ধরে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৬০ শতাংশ স্থাপনা সরানো হয়েছে। আমরা গিয়ে অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করব।’
এদিকে, বাসিন্দারা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি কথিত জুয়ার আসর ও বিদ্যুৎ সংযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন