প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য আবুল হোসেন খান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাকেরগঞ্জ বন্দর সার্বজনীন পূজামণ্ডপসহ উপজেলার কলসকাঠী, পাদ্রীশিবপুর ও নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য।
শুভেচ্ছা বিনিময়কালে আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এমন একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত থাকবে।
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে পূজামণ্ডপের পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে স্বাগত জানান। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন