প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, নাগরিক ভোগান্তি দূরীকরণের লক্ষ্যে তিনটি ফ্লাইওভারের নির্মাণ কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় রাসিক প্রশাসক সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণকাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি নাগরিক দুর্ভোগ লাঘবে গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের এলাকার সড়কের খানাখন্দ দ্রুত মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
রাসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।" তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ফ্লাইওভারগুলোর নির্মাণকাজ স্থবির ছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি ফ্লাইওভারগুলোর কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন। নাগরিক ভোগান্তি দূরীকরণে তিনটি ফ্লাইওভারের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন হবে। নির্মাণকাজ শেষ হলে নাগরিকদের জন্য তা উন্মুক্ত করা হবে। নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি করপোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান উন্নয়নকাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সিটি করপোরেশনের সব ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হবে। তিনি বলেন, "সবার সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়তে কাজ করে যাচ্ছি।"
পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহমেদ হোসেন মাসুম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন