প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগে পোশাক শ্রমিকদের জন্য তিন মাসের ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে, যাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের মতো দেশের প্রধান পোশাক শিল্পাঞ্চলগুলোতে খাদ্য মন্ত্রণালয় এই বিশেষ ওএমএস উদ্যোগ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।
এই কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য খাদ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে ৪,৫০০ টন চালের অতিরিক্ত বরাদ্দ এবং ট্রাক পরিচালনা, পরিবহনসহ আনুষঙ্গিক ব্যয়ের তহবিল চেয়ে চিঠি দিয়েছে। ১১ নভেম্বর অর্থ বিভাগে পাঠানো চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতি শুক্রবার শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে ৫ মেট্রিক টন চাল থাকবে, ফলে এক দিনে মোট ৩৭৫ মেট্রিক টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। পোশাকখাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা করে, শ্রমিকদের মাসে একবার চাল নেওয়ার বিষয়টি তদারকিতে সহায়তা করবেন কারখানা মালিকেরা।
তবে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির যাবতীয় আর্থিক চাপ বা পরিচালন ব্যয় এককভাবে সরকার বহন করবে। খাদ্য মন্ত্রণালয়ের সাধারণ ওএমএস পরিচালন বিধি অনুযায়ী, চালের সরকারি ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যকার ব্যবধানের ওপর ভিত্তি করে সরকার প্রতি কেজিতে প্রায় ১৮ থেকে ১৯ টাকা সরাসরি ভর্তুকি প্রদান করে।
২০২৬–২৭ আমন মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের কাছে ওএমএস কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে। সেদ্ধ চালের সরকারি দর হিসাব করলে ৪,৫০০ টন চালের দামের সরাসরি ব্যবধান অন্তত ৮.৫৫ কোটি টাকা দাঁড়ায়। পরিবহন, গুদামজাতকরণ, অপচয় ও ডিলার কমিশন যুক্ত হলে প্রকৃত ভর্তুকির পরিমাণ আরও বাড়বে।
করদাতাদের টাকায় দেওয়া হবে ভর্তুকি
তবে পোশাকখাতের মালিকরা এই ভর্তুকির কোনো অংশ বহন করবেন না। জনগণের করের টাকায় সরকার শ্রমিকদের জন্য এই ভর্তুকি প্রদান করবে।
খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতি, শ্রমিক আন্দোলন ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ ওএমএস কর্মসূচি নেওয়া হয়েছে। তবে কবে থেকে এই কর্মসূচির চাল মাঠে যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে দ্রুতই চালু করার পরিকল্পনা রয়েছে।
সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরের মতো পোশাকখাতের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের টানা সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর ও বিক্ষোভের পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। বর্তমানে ১২,৫০০ টাকা ন্যূনতম মজুরির বিপরীতে খাদ্য, বাড়িভাড়া, যাতায়াত এবং চিকিৎসা ব্যয় বহুগুণ বেড়ে গেছে। ফলে পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার দাবি জানাচ্ছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত অক্টোবর মাসের তথ্যে দেখা গেছে, গেল মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৬.৪০ শতাংশে নেমে এসেছে। তবে সাধারণ নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য খুচরা বাজারের খাদ্যমূল্য এখনো নাগালের বাইরেই রয়েছে। বর্তমান বাজার দরের তুলনায় সরকার নির্ধারিত ৩০ টাকা দরে চাল কিনতে পারলে একজন শ্রমিক প্রতি কেজিতে বাজারদরের তুলনায় ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ফলে মাসে ১০ কেজি চাল কিনলে তার সাশ্রয় হবে ২০০ থেকে ৩৫০ টাকা।
দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান ও মজুরি কাঠামোর তাগিদ
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন টিবিএসকে জানান, সরকারের এ উদ্যোগ ইতিবাচক ও সময়োপযোগী। উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে চালের মতো প্রধান খাদ্যপণ্য সরবরাহ করা হলে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে এবং পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
তবে এ কর্মসূচি বাস্তবায়নে দক্ষতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। তার মতে, শ্রমিকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও যেন চাল না পেয়ে ফিরে না যান, সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুধু চাল নয়, ভোজ্যতেল, ডাল ও ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যও এ কর্মসূচির আওতায় আনার পরামর্শ দেন তিনি। কারণ, ভোজ্যতেলের দাম এখনো অনেক বেশি। অন্যদিকে ডাল ও ডিম সরবরাহ করা হলে শ্রমিকদের পরিবারের আমিষের চাহিদা পূরণেও সহায়তা হবে।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। এটি একদিকে শ্রমিকদের জন্য সাময়িক স্বস্তি দেবে, অন্যদিকে তাদের কাজে ফিরতে উৎসাহিত করে শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও সহায়তা করতে পারে। এর মধ্য দিয়ে শ্রমিকদের প্রতি সরকারের সহানুভূতিরও প্রকাশ ঘটেছে। তবে সাময়িক খাদ্যসহায়তার পাশাপাশি সরকারকে অবশ্যই একটি ন্যায্য মজুরি কাঠামো নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন এবং একই সঙ্গে এই বিশেষ ওএমএস কর্মসূচির সুবিধা তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতের নিম্ন আয়ের অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্যও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন