প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানবপাচারকারীরা দুই বাংলাদেশি তরুণকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করে। যদিও পরিবার থেকে একই পরিমাণ অর্থ মুক্তিপণ প্রদান করা হয়, তবুও তারা বিড়ম্বনার মধ্যে পড়েন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই সদস্যকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টন থানার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাজীপুরের পূবাইল থানার বড়দল গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন শেখ ওরফে পনিরের ছেলে মো. শাওন মোল্লা (২৩) এবং একই থানার নয়ানিপাড়া গ্রামের বাসিন্দা শরীফুল ইসলামের ছেলে মো. সাকিব সরকার (২৬)।
সিআইডির মিডিয়া কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বিদেশে ভালো চাকরি ও আর্থিক স্বচ্ছলতার আশায় ভুক্তভোগী দুই তরুণ মানবপাচার চক্রের প্রলোভনে পড়ে কম্বোডিয়ায় যান। তাদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ছয় লাখ টাকা করে নেয়া হয়। পরিবারের সদস্যরা আশা করেছিলেন, বিদেশে কাজ করে দুই তরুণ তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়।
অভিযোগ অনুযায়ী, কম্বোডিয়ায় পৌঁছানোর পরপরই তাদের পাসপোর্ট কেড়ে নেয়া হয়। এরপর মানবপাচারকারীরা তাদের পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একটি স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের জোরপূর্বক অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়। কাজ করতে অস্বীকৃতি জানালে কিংবা সামান্য ভুল হলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। নিজেদের ইচ্ছায় সেখান থেকে বেরিয়ে আসা কিংবা নিরাপদে দেশে ফেরার কোনো সুযোগ তাদের ছিল না।
পরবর্তীতে কোনোভাবে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে ভুক্তভোগী দুই তরুণের মুক্তির জন্য স্ক্যাম সেন্টার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। সন্তানদের মুক্তির আশায় তাদের পরিবারের সদস্যরা ওই অর্থের ব্যবস্থা করেন। তবে মুক্তি পাওয়ার পরও তাদের দুর্ভোগ শেষ হয়নি।
অভিযোগ রয়েছে, মুক্তির পর মানবপাচারকারীরা পুনরায় দুজনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং দেশে ফেরার টিকিটের অর্থও পরিবারের কাছ থেকে আদায় করে। এভাবে বিদেশে পাঠানোর খরচ, মুক্তিপণ এবং দেশে ফেরার টিকিটের অর্থ জোগাড় করতে গিয়ে পরিবারগুলোকে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়।
পরবর্তী সময়ে ভুক্তভোগী দুই তরুণ প্রায় দুই মাস কম্বোডিয়ার একটি স্থানীয় হোটেলে অবস্থান করতে বাধ্য হন। একপর্যায়ে তারা অনলাইনের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে অবশেষে তাদের বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের বন্দিদশা, নির্যাতন ও অনিশ্চয়তার পর তারা গত ৩ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন।
এ ঘটনায় গত ২৬ অক্টোবর পল্টন থানায় মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়। মামলাটির অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির একটি টিম ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি শাওন মোল্লা ও সাকিব সরকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন