প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রচুর উৎসাহ-উদ্দীপনার মধ্যে প্রতিভা অন্বেষণমূলক মেগা ইভেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। এই আয়োজনের উদ্বোধনের অনুষ্ঠানটি মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে এক উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতামূলক সাঁতার ছাড়াও অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ আনুষ্ঠানিকভাবে এই জাতীয় পর্বের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান ও সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ২ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে সফলভাবে বিভাগীয় ধাপ শেষ করে এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তিনি খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে একত্রিত করা সম্ভব বলেও জানালেন।
তিনি বলেন, দেশের জার্সিতে মাঠে নামলে সবাই কেবল বাংলাদেশি হিসেবে পরিচিত হন। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার কথা স্মরণ করে তিনি জানান, এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে দেশের ফুটবলসহ অন্যান্য খেলাগুলোকে আরও এগিয়ে নিতে হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ৮টি ইভেন্ট দিয়ে খেলা শুরু হলেও নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ইভেন্টের সংখ্যা ১০টিতে পৌঁছেছে। প্রথম আসর শেষ হওয়ার আগেই ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নতুন বিভাগীয় শহর থেকে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া দেশের ৪,৫৮৯টি ইউনিয়ন ও ৫০৩টি উপজেলা পর্যায় থেকে দল গঠন করে এই প্রতিযোগিতা বছব্যাপী চলমান রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
বর্তমান প্রজন্মকে মুঠোফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বাবা-মা চান তাদের সন্তান সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠুক, আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। জাতীয় পর্যায় এবং বিভিন্ন ইভেন্ট থেকে যেসব ক্রীড়াবিদ অসাধারণ নৈপুণ্য দেখাবে, তাদের চিহ্নিত করে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা করা হবে। তাদের পড়াশোনা এবং খেলাধুলার যাবতীয় দায়িত্ব সরকার গ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আগামী ২৭ জুলাই বিকেল ৪ টায় আর্মি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন