প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার যান্ত্রিক ও কারিগরি আধুনিকায়নের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়ায় একটি পাটকলে চাকরি পেয়েছেন ৫০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ শেষে।
বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিপি) এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
বগুড়ার হাসান জুট মিলস লিমিটেডে পরিচালিত এই কর্মসূচির আওতায় ২৫ জন করে দুটি ব্যাচে মোট ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৯ জন নারী এবং ৩১ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশিক্ষণ শেষে তাঁদের সবাইকে হাসান জুট মিলে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজেএমএ-এর আওতায় পাট ও পাটজাত পণ্য খাতে বর্তমানে ১১টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি সুপারভাইজার, মার্চেন্ডাইজিং, কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, আর্টিজান ক্রাফটসম্যানশিপ ফর ডাইভারসিফাইড জুট প্রোডাক্টস, প্যাটার্ন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ব্যাচিং-প্রিপেয়ারিং অ্যান্ড ড্রয়িং, স্পিনিং-উইন্ডিং-বিমিং অ্যান্ড টুইস্টিং, উইভিং অ্যান্ড ফিনিশিং, জুট ডাইং-ব্লিচিং অ্যান্ড প্রিন্টিং, জুট মেশিনারি মেইনটেন্যান্স এবং হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রি স্পেসিফিক সেলাই অপারেশন।
বগুড়ায় প্রথম দুটি ব্যাচে স্পিনিং-বিমিং-উইন্ডিং অ্যান্ড টুইস্টিং এবং উইভিং অ্যান্ড ফিনিশিং—এই দুটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মসূচির সেন্টার ইনচার্জ তাবরীজ আহম্মেদ জানান, অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অথবা অষ্টম শ্রেণি পাস করা বেকার ও স্বল্পশিক্ষিত তরুণ-তরুণীদের এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি জানান, ৪৪ দিনের এ কোর্সে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে এক ঘণ্টা তাত্ত্বিক ও সফট স্কিল এবং চার ঘণ্টা কারখানায় হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দৈনিক ১৫০ টাকা হিসাবে মোট ৬ হাজার ৬০০ টাকা ভাতা দেওয়া হয়।
তাবরীজ আহম্মেদ আরও বলেন, পিআইইউয়ের পক্ষ থেকে ৬৫ শতাংশ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বগুড়ায় প্রথম দুই ব্যাচের ৫০ জনের সবাই হাসান জুট মিলে চাকরি পেয়েছেন। আগামী ২৩ নভেম্বর থেকে নতুন ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।
দীর্ঘদিন বেকার থাকার পর প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণার্থী মো. জুবায়ের ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কোনো কাজ পাচ্ছিলেন না। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন কাজ শিখেছেন এবং প্রশিক্ষণ শেষে জুট মিলে চাকরি পেয়েছেন।
আরেক প্রশিক্ষণার্থী মোছা. কাজলী খাতুন বলেন, প্রশিক্ষণ নিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় এবং আয়ের পথ সহজ হওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ।
হাসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাফায়াত-ই-রাব্বি সুমন বলেন, পাট খাতে কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কার্যক্রম যুক্ত করা হয়েছে। চলতি বছর থেকে শুরু হওয়া এ উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে কারখানায় নতুন শ্রমিক যুক্ত হচ্ছেন। মিলের সুনাম ধরে রাখা ও উৎপাদন সচল রাখতে নানা চ্যালেঞ্জের মধ্যেও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কারখানার বাস্তব পরিবেশে হাতে-কলমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের এ সমন্বয় পাটশিল্পের পুনরুজ্জীবন এবং বহুমুখী পাটপণ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন