প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের চেহারা, উচ্চতা, গায়ের রং, শারীরিক গঠন অথবা জন্মগত বৈশিষ্ট্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা আমাদের সমাজে অনেক সময় নিছক রসিকতা হিসেবে দেখা হয়। কিন্তু যে বৈশিষ্ট্য একজন মানুষের নিজের ইচ্ছায় নির্ধারিত নয়, সেটিকে কেন্দ্র করে তাকে নিয়ে ব্যঙ্গ করা এবং কষ্ট দেওয়া কখনোই নিছক হাসি-তামাশার বিষয় হতে পারে না। ইসলামে মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। নিম্নে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো—
ইসলামের দৃষ্টিতে কাউকে তুচ্ছ করার ক্ষতি : পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! কোনো সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে, তারা উপহাসকারীদের চেয়ে উত্তম।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১১)
আয়াতটিতে অন্যকে উপহাস করার ব্যাপারে সরাসরি নিষেধ করা হয়েছে। এর ব্যাপক অর্থের মধ্যে মানুষের চেহারা, পোশাক, উচ্চতা, দৈহিক গঠন কিংবা শারীরিক দুর্বলতা নিয়ে বিদ্রুপ করাও অন্তর্ভুক্ত। কারণ কাউকে ছোট করার উদ্দেশ্যে তার এমন কোনো বৈশিষ্ট্য নিয়ে হাসাহাসি করা, যা তার নিয়ন্ত্রণের বাইরে, ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ওপর জুলুম করে না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করে না। (মুসলিম, হাদিস : ২৫৬৪)
একজন মানুষ নিজের উচ্চতা, গায়ের রং, মুখের আকৃতি কিংবা অনেক জন্মগত বৈশিষ্ট্য নিজের ইচ্ছায় নির্ধারণ করতে পারে না। ফলে এসব নিয়ে তাকে ব্যঙ্গ করা তার আত্মসম্মানে আঘাত করার পাশাপাশি আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে অবজ্ঞার মনোভাব প্রকাশের কারণ হতে পারে। একজন মুমিনের ভাষা ও আচরণে অন্য মানুষের সম্মান অক্ষুণ্ন থাকা উচিত।
মজার কথাও হতে পারে কষ্টের কারণ : অনেক সময় নিছক রসিকতা করে বলা কথাই অন্যের মনে গভীর ক্ষত তৈরি করে। কারো ওজন, উচ্চতা, গায়ের রং বা শারীরিক গঠন নিয়ে ঠাট্টা করার বিষয়টি কারো কাছে হাসির বিষয় হলেও, যার উদ্দেশে বলা হয় তার জন্য তা অপমান ও কষ্টের কারণ হতে পারে। এ ব্যাপারে মহানবী (সা.) কঠোরভাবে সতর্ক করেছেন। আয়েশা (রা.) বলেন, আমি নবী (সা.)-কে বললাম, ‘সাফিয়ার ব্যাপারে আপনার জন্য এতটুকুই যথেষ্ট।’ বর্ণনাকারী বলেন, এর দ্বারা তিনি তার খাটো হওয়া বোঝাতে চেয়েছিলেন। তখন নবী (সা.) বললেন, ‘তুমি এমন একটি কথা বলেছ, যা সমুদ্রের পানির সঙ্গে মেশানো হলে তা-ও পরিবর্তন করে দিত।’(আবু দাউদ, হাদিস : ৪৮৭৫)
এই হাদিস দ্বারা বোঝা যায়, শুধু মুখের কথাই নয়, কারো শারীরিক গঠন নিয়ে ইঙ্গিতপূর্ণ হাসি, অঙ্গভঙ্গি কিংবা অন্যের সামনে তাকে নিয়ে ঠাট্টা করাও কষ্টদায়ক হতে পারে। তাই ‘আমি তো মজা করেই বলেছি’, এ অজুহাত সব সময় গ্রহণযোগ্য নয়। যে রসিকতায় অন্যের আত্মসম্মান আহত হয়, তা থেকে বিরত থাকাই মুমিনের সৌজন্য।
মর্যাদার মানদণ্ড বাহ্যিক সৌন্দর্য নয় : ইসলাম মানুষের মর্যাদার মানদণ্ড হিসেবে বাহ্যিক সৌন্দর্য, গায়ের রং, উচ্চতা বা শারীরিক গঠনকে বিবেচনা করেনি। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে-ই অধিক মর্যাদাবান, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১৩)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান।’ (মুসলিম, হাদিস : ২৫৬৪)। এ শিক্ষা ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ। মানুষের চরিত্র, ব্যবহার, যোগ্যতা ও কর্ম দিয়েই তাকে মূল্যায়ন করা উচিত।
শিশুরা পরিবার, বিদ্যালয় বা বন্ধুমহল থেকে শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করার প্রবণতা শিখতে পারে। তাই মা-বাবা ও শিক্ষকদের ছোটবেলা থেকেই শেখাতে হবে, চেহারা, উচ্চতা, ওজন বা শারীরিক সীমাবদ্ধতার কারণে কাউকে ছোট করা যাবে না। কারো দুর্বলতা নিয়ে হাসার বদলে তার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কারণ একজন মানুষের দুর্বলতা অন্যের বিনোদনের উপকরণ হতে পারে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই সতর্কতা জরুরি। কারো ছবি নিয়ে কটাক্ষ, শারীরিক গঠন নিয়ে মন্তব্য কিংবা ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া সহজ হলেও তা মানুষের মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে। তাই সামনাসামনি কিংবা অনলাইনে সব ক্ষেত্রেই কথাবার্তা ও আচরণে সংযম বজায় রাখা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন