প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হলেও কুষ্টিয়ার প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভায় দৃশ্যমান চিত্র ভিন্ন। ১৫৭ বছরের পুরনো এই পৌরসভায় আজও কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। এর ফলে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁর ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের তরফ থেকেও সংগৃহীত বর্জ্য কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকার দুপাশে ফেলা হচ্ছে।
গড়াই নদীর তীরে ১৮৬৯ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত কুমারখালী পৌরসভা ১৯৯৬ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। বর্তমানে ১১ বর্গমাইল আয়তনের এই পৌরসভায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস রয়েছে। দেড় শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও আধুনিক কোনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় এবং নিয়মিত পৌরকর পরিশোধ করেও নাগরিক সুবিধা না পাওয়ায় পৌরবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
গতকাল বুধবার সকালে পৌরসভার কাজীপাড়া, কালীবাড়ি মন্দির, বিদ্যুৎ কার্যালয় এলাকা, কুণ্ডুপাড়া, তহবাজার ও থানামোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের ধারে পচা ময়লা-আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। এসব আবর্জনার কারণে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নানা বয়সী মানুষকে স্বাস্থ্যঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিব হোসেন আক্ষেপ করে বলেন, "এটি কেবল কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা। নিয়মিত কর পরিশোধ করেও আমরা একটি ডাম্পিং স্টেশন পাইনি। এখানকার মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।"
পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকার গৃহিণী রূপালী খাতুন অভিযোগ করেন, সকাল হলেই আশপাশের লোকজন বাড়ির সামনে দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলে যান, কিন্তু সাত দিনেও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দেখা মেলে না। এতে মশা-মাছির মাধ্যমে রোগবালাই ছড়াচ্ছে এবং ছোট শিশুদের নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।
কুণ্ডুপাড়া এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষ মোড়ে মোড়ে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ড্রাম বসিয়েছিল। তবে সেগুলো ভরে গেলেও সময়মতো পরিষ্কার করা হতো না। তীব্র দুর্গন্ধে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একসময় ড্রামগুলো ভেঙে ফেলেন। এখন বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ সরাসরি সড়কের ওপরই আবর্জনা ফেলছে।
সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকার দুপাশে পৌরসভার গাড়ি থেকেই ময়লা ফেলা হচ্ছে। উৎকট দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে নাক-মুখ চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রী ও পথচারীরা।
ভ্যানচালক মনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ ও শহরের ব্যবসায়ীরা মহাসড়কের দুপাশে আবর্জনা ফেলায় এই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে।
একই এলাকার বাসিন্দা শম্পা খাতুন অভিযোগ করে বলেন, "পৌরসভার লোকজনই এখানে ময়লা ফেলে যান, বারবার নিষেধ করলেও তাঁরা শোনেন না। দুর্গন্ধে বাড়িতে টেকা যায় না; খাবারে মশা-মাছি বসে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ছেন।"
প্রথম শ্রেণির একটি পৌরসভায় কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন বলেন, "একদিকে সড়কের ধারে ময়লা ফেলা হচ্ছে, অন্যদিকে সেখানেই আগুন দিয়ে তা পোড়ানো হচ্ছে। এতে বায়ুদূষণের পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়ছে। জনস্বার্থে দ্রুত একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা জরুরি।"
যত্রতত্র আবর্জনা ফেলার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও কৃমিসহ পানিবাহিত ও বায়ুবাহিত নানা রোগের প্রকোপ বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপর্ণা লতিফ আহমেদ। তিনি বলেন, "খোলা জায়গায় ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস বা প্রক্রিয়াজাত করা উচিত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং রোগবালাইও কমবে।"
ব্রিটিশ আমলে অপরিকল্পিতভাবে পৌরসভাটি গড়ে উঠেছিল উল্লেখ করে কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী এম এম সামরুজ্জামান বলেন, "জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অপরিকল্পিত বসতি গড়ে উঠেছে। পৌর এলাকায় পর্যাপ্ত খাস বা ফাঁকা জায়গা না থাকায় এতদিনেও ডাম্পিং স্টেশন নির্মাণ করা সম্ভব হয়নি। তবে শহর পরিচ্ছন্ন রাখতে একটি পরিচ্ছন্নতা অভিযান ক্যালেন্ডার তৈরির কাজ চলছে।"
নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় নাগরিক ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার বিষয়টি স্বীকার করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, "সম্প্রতি মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি সেমিনার হয়েছে। অগ্রাধিকার প্রকল্পের আওতায় কুমারখালী পৌরসভার জন্য একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন