প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংকটের সমাধান করতে বিরোধী দল তাদের নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে, তাদের পরামর্শ ও মতামত সরকারকে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। কিন্তু সরকার বিরোধী দলের সেই প্রস্তাবের প্রতি কোনো মনোযোগ দেয়নি।
তিনি আরও বলেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়, তবে সরকার শুধুমাত্র বিরোধীতার স্বার্থে বিরোধী দলের বিরোধিতা করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরের সময় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব মন্তব্য করেন।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা সরকারকে সহযোগিতা করছে কি না, এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমরা বিরোধী দলে বসার পর থেকে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি।" তিনি উল্লেখ করেন, সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, কিন্তু সরকার জামায়াতসহ বিরোধীদলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমি বলবো যে, বিএনপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পরে আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে ছিলাম।" তিনি আরও জানান, দেশের কল্যাণের স্বার্থে এবং আধিপত্যবাদী শক্তি মোকাবিলা করার জন্য জামায়াত সেই সময় বিএনপিকে সমর্থন করেছিল। এর আগে বিএনপি ৯১ সালে সরকার গঠন করেছিল এবং সেখানেও জামায়াত বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিল। কিন্তু সরকার গঠন করার পর বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল।
তিনি বলেন, "ঢাকা, রাজশাহী, খুলনায় আমাদের কর্মীদের শহিদ করেছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের শিবিরের ছেলেদের হত্যা করেছিল।" তিনি উল্লেখ করেন, "আমরা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ করছি, এখনো তারা জামায়াতকে নিয়ে বিরোধীতার স্বার্থে বিরোধিতা করছে। বিএনপি হলো অকৃতজ্ঞ দল। বিএনপির এই বিরোধী অনেকটা সেই প্রবাদের মতো- ‘নেই কাজ তো খই ভাজ।’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি এখন বলছে যে জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। তিনি প্রশ্ন করেন, "সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ সারাদেশে মিছিল করলো কিভাবে?" তিনি বলেন, "সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে তাদের ইন্ধন না থাকলে এরকম একটি কর্মসূচি কোনো রাজনৈতিক দল পালন করবে, এটা কখনো হয়?" তিনি চ্যালেঞ্জ করে বলেন, "আমরা বলতে পারি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর আপনাদের কাছে থাকলে তা প্রকাশ করুন। বিরোধীতা করতে হবে তাই, বিরোধীতা করবেন না।"
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন