প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বরিশাল জেলায় বাজার মনিটরিং এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান, ভেজাল মিশ্রণ প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্দেশ্যে একটি বিশেষ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, "বর্তমানে আমরা যে খাবার গ্রহণ করছি, তা কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এ বিষয়টি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে। আইন অনুযায়ী অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও শাস্তির আওতায় আনার পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করতে হবে। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ প্রসঙ্গে তিনি বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, নগরীর সকল বাসস্ট্যান্ড ও গণপরিবহন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্টেশনে পরিত্যক্ত বাস, বাসের সিট ও টায়ারসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সেজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। তিনি উল্লেখ করেন, ডেঙ্গুতে প্রাণহানি রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এসময় তিনি ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের চলমান পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সকলকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস-মালিক সমিতির প্রতিনিধি, বাজার কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন