প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম জেলা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার ঘটনা ঘটার আগেই তা শনাক্ত করে প্রতিরোধের উদ্যোগ নিতে চায়।
এ উদ্দেশ্যে সাইবার মনিটরিং টিমকে আরো কার্যকরী করার পাশাপাশি গুজব শনাক্তকরণ, তথ্য যাচাই এবং দ্রুত সঠিক তথ্য প্রচারের জন্য একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুরোনো ছবি-ভিডিও বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক একটি অনলাইন সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে জুম অনলাইন প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ঘটনা হিসেবে গ্রহণ করার পূর্বে সেটির সত্যতা যাচাই এবং গুজবের উৎস শনাক্ত করার কৌশল নিয়ে। কোনো ছবি, ভিডিও বা পোস্ট ভাইরাল হওয়ার পর সেটিকে সত্য ধরে না নিয়ে এর উৎস, সময় এবং প্রেক্ষাপট যাচাই করার নির্দেশ দেওয়া হয়। পুরোনো বা অন্য কোনো ঘটনার ছবি-ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখার নির্দেশনা প্রদান করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা, পূজামণ্ডপ, ধর্মীয় সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে এমন কোনো কনটেন্ট নজরে এলে সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচাই করার জন্য বলা হয়েছে।
সভায় জনগণের প্রতি আহ্বান জানানো হয় যে, যাচাই ছাড়া কোনো পোস্ট বা তথ্য শেয়ার না করার বিষয়ে সচেতন হতে।
বক্তারা উল্লেখ করেন, গুজব ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আগেই শনাক্ত করে তা প্রতিরোধ করা এবং দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই সাইবার মনিটরিং কার্যক্রমের মূল লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন