প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাড়ে চার বছরের সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যে ইউক্রেনে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটির বিভিন্ন স্থানে পরিচালিত হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও পাঁচজন।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি শিল্পকেন্দ্রে হামলার বিষয়ে স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, শত্রুপক্ষের হামলায় শ্রমিকদের মৃত্যু ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, নিকোপোল জেলায় পৃথক আরেকটি হামলায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কিছু বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই অঞ্চলের দুটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানায় হামলা চালিয়েছে। মন্ত্রণালয় কারখানাগুলোকে ইউক্রেনের সামরিক উৎপাদনের জন্য ধাতব পণ্যের প্রধান সরবরাহকারী হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে, ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতের হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো। বোরিসপিল জেলায় হামলার ফলে সৃষ্ট আগুনে একটি নয়তলা আবাসিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রুশ বাহিনী রাতের বেলায় দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলের একটি শপিং সেন্টারে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এতে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭২ বছর বয়সী এক ব্যক্তি ও ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছেন। জরুরি পরিষেবা বিভাগ জানায়, পরবর্তী হামলার আশঙ্কায় উদ্ধারকর্মীদের বারবার নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে এবং পরিস্থিতি অনুকূল হলে তারা আবার কাজে ফিরেছেন।
দেশটির বিমানবাহিনী জানায়, রাশিয়া তাদের রোস্তভ ও ভোরোনেজ অঞ্চল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাতের বেলায় ১৬৭টি আক্রমণকারী ড্রোন মোতায়েন করেছে। ড্রোনগুলোর মধ্যে শাহেদ-টাইপ (যার প্রায় অর্ধেকই জেট-চালিত), গেরান এবং বিভ্রান্তি সৃষ্টিকারী বা ‘ডিকয়’ অন্তর্ভুক্ত ছিল। বিমানবাহিনীর তথ্যমতে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২৮টি ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী রাতের বেলায় ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে।
এদিকে, সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া রাতে কিয়েভ ও বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সফরের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, বিমানবন্দরগুলোতে রাশিয়ার হামলাগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমানে করে ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রস্তুতির প্রতিক্রিয়া। তিনি বলেন, "আমরা রাশিয়ার এই পদক্ষেপটি আমলে নিয়েছি এবং আগামী সপ্তাহে রুশ আকাশসীমা নিয়ে আমাদের কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করব।"
এর আগে বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান, মস্কো ও কিয়েভ উভয় স্থানে বৈঠকের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের আলোচক দল মার্কিন পক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে এবং আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন