প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের শিবচরে বেপরোয়া বালু পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনটি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে। এই ঘটনার সাথে জড়িত ট্রাকচালকসহ পাঁচজনকে আটক করা হয় এবং প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ সংলগ্ন উৎরাইল নয়াবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অসাধু বালু ব্যবসায়ীরা ড্রাম ট্রাকে ত্রিপল বা কোনো ধরনের আচ্ছাদন ছাড়াই বালু পরিবহন করে আসছিল। এর ফলে বাতাসে বালু উড়ে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বেপরোয়া গতিতে ট্রাক চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সত্যতা পাওয়ায় তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরে তিন চালক ও দুই সহকারীসহ মোট পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন বলেন, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের সাজা দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া উন্মুক্ত ও বেপরোয়াভাবে বালু পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন