প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন, অপরদিকে নায়ক সাইমন সাদিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। দুজনের কেউই দেশে নেই, তবে তাদের অনুপস্থিতি নতুন সিনেমা মুক্তিতে কোনো বাধা সৃষ্টি করছে না। দীর্ঘ অপেক্ষার পর সাইমন-মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আগামী ১৩ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন।
দেশের বাইরে অবস্থান করা সত্ত্বেও সিনেমার প্রচারণা নিয়ে নির্মাতা খুব একটা উদ্বিগ্ন নন। তিনি মনে করেন, সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাবে এবং দর্শকরা এর মূল্যায়ন করবেন।
মাহিয়া মাহি একসময় ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ছিলেন। তবে গত দুই বছরে তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। সর্বশেষ তিনি ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত হয়েছিলেন। এর আগে ‘বুবুজান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। নির্বাচনে পরাজয়ের পর তিনি অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এরপর থেকে নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে পোস্টের মাধ্যমে আলোচনায় এলেও ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর সামনে আসে।
অন্যদিকে, ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইমন সাদিক। এরপর থেকে তিনি দেশে ফেরেননি। এই সময়ের মধ্যে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে তার অভিনয়ের খবরও প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর এবার মাহির সঙ্গে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে ৩৪টি প্রদর্শনী চূড়ান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সে কতটি প্রদর্শনী পাওয়া যাবে, তা আজ-কালের মধ্যে জানা যাবে।
নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকায় প্রচারণায় কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নায়ক-নায়িকা দেশে না থাকলেও তারা ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এমনিতেও দেশে থাকলে প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচারণা চালান। তারা না থাকায় তাই খুব একটা সমস্যা মনে করছি না। তা ছাড়া ছবিটি বেশ কিছুদিন ধরে মুক্তি দেব দেব করেও দেওয়া হচ্ছিল না। এখন ভাবছি, আর দেরি না করি। দর্শকের জন্য বানানো ছবি তাদের কাছে পৌঁছে দিই, তারা দেখে বলুক, কেমন লাগছে।’
উল্লেখ্য, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’র সঙ্গে নামের মিল থাকলেও নতুন সিনেমাটি পুরোনোটির কোনো সিক্যুয়াল নয়। ছবিটি সম্পূর্ণ মৌলিক ও ভিন্ন গল্পে নির্মিত হয়েছে। পরিচালক একে আখ্যা দিয়েছেন ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা হিসেবে।
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জান্নাত’-এর পর সাইমন-মাহিকে নিয়ে এটি আমার দ্বিতীয় সিনেমা। আগের ‘আনন্দ অশ্রু’র গল্পের সঙ্গে এই সিনেমার গল্পের কোনো মিল নেই। সম্পূর্ণ আলাদা গল্পে নির্মাণ করেছি। নামের ওজন আছে, তবে চাপ নেই। চেষ্টা করেছি ভালো একটি সিনেমা বানাতে। বাকিটা দর্শক দেখে তাদের মতামত জানাবেন।’
পরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমান মানিকের এটি ১২তম সিনেমা। প্রায় দুই বছর আগে ছবিটির সেন্সরসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। তবে মুক্তির উপযুক্ত সময়ের অপেক্ষায় এত দিন সিনেমাটি আটকে ছিল। অবশেষে অভি কথাচিত্রের পরিবেশনায় প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।
এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন। নতুন ‘আনন্দ অশ্রু’তে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন