প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের তিনটি প্রধান পারমাণবিক শক্তিধর দেশ—চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যে ইতিহাসের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে এই ঐতিহাসিক বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন দেশের মিত্রতার কথা স্মরণ করে সংঘাত এড়িয়ে সহযোগিতার আহ্বান জানান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি সামনে আনেন। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে পুতিন যোগ দিলে এই তিন নেতার মধ্যে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রতা ও শান্তির বার্তা
বৈঠকটিকে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ উল্লেখ করে সি চিন পিং ৮০ বছরেরও বেশি সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই তিন দেশের ‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই’ করার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ‘ইতিহাস আমাদের বলে, যখন বড় দেশগুলো মিলেমিশে থাকে, তখন বিশ্ব শান্তি উপভোগ করে; আর যখন বড় দেশগুলো সংঘাতে জড়ায়, তখন বিশ্ব অস্থিরতায় পতিত হয়।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, সি চিন পিং বলেন, বিশ্বের প্রধান শক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করা এবং যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। তিনি আরও বলেন, ‘বড় দেশগুলোর মধ্যে ইতিবাচক যোগাযোগ কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক দায়িত্ব।’
পারমাণবিক অস্ত্র হ্রাসে ট্রাম্পের জোর
বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি বলেন, ‘বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্রের ঝুঁকি হ্রাসের বিষয়ে আলোচনা করার জন্য এক অনন্য অবস্থানে রয়েছে।’
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সংস্থাটি জানিয়েছে, বেইজিং বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে। এর বিপরীতে, যুক্তরাষ্ট্রের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৫ হাজার ৪২টি (যার মধ্যে ৩ হাজার ৭০০টি সামরিক মজুতে রয়েছে) এবং রাশিয়ার মোট ওয়ারহেডের সংখ্যা ৫ হাজার ৪২০টি (যার মধ্যে ৪ হাজার ৪০০টি সামরিক মজুতে রয়েছে)।
দ্বিপক্ষীয় বৈঠক ও নেপথ্যের প্রেক্ষাপট
ত্রিপক্ষীয় এই শীর্ষ বৈঠকের আগে সি চিন পিং পৃথকভাবে পুতিন ও ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বুধবার পুতিনের সঙ্গে বৈঠকে সি দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে বলেন, ‘ঝড়-বৃষ্টির মধ্যেও চীন-রাশিয়া সম্পর্ক পাহাড়ের মতো অটল রয়েছে।’ অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে সি চিন পিং দুই দেশের মধ্যে ‘গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা’ গড়ে তোলার ওপর জোর দেন এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান।
চীন সফরের আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি এই বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান। তবে বেইজিং দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেওয়ার চাপ প্রত্যাখ্যান করে আসছে। চীনের যুক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল ভান্ডারের তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। উল্লেখ্য, বিশ্বের মোট মজুতকৃত পারমাণবিক ওয়ারহেডের প্রায় ৮৩ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে।
এদিকে, পশ্চিমা গণমাধ্যমগুলো এই শীর্ষ বৈঠককে ১৯৪৫ সালের ‘ইয়াল্টা সম্মেলনের’ সঙ্গে তুলনা করে ‘ইয়াল্টা ২.০’ হিসেবে অভিহিত করলেও চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এর তীব্র বিরোধিতা করেছে। বেইজিং জানিয়েছে, তারা ‘বৃহৎ শক্তিগুলোর যৌথ শাসনের’ বিরোধী, বরং প্রধান দেশগুলোর মধ্যে বৃহত্তর সমন্বয় ও সহযোগিতার পক্ষে। ইউক্রেন যুদ্ধ এবং গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি ও তেলের সরবরাহে বড় ধরনের অস্থিরতার প্রেক্ষাপটে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: সিনহুয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন