প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন, হাটবাজার থেকে প্রাপ্ত রাজস্বের ১০-১৫ শতাংশ অর্থ সৌর প্যানেল স্থাপনে ব্যয় করতে হবে। তিনি কর্মকর্তাদের নিজ নিজ বাসভবনে সৌর প্যানেল স্থাপনে এগিয়ে আসার জন্যও আহ্বান জানান। এ সময় তিনি তার সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন, যেখানে বিশাল আকারে সৌরবিদ্যুৎ উৎপাদন দেখার সুযোগ হয়েছিল।
আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় এসব নির্দেশনা প্রদান করেন তিনি।
সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং উন্নয়ন কার্যক্রম স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য সব উপজেলা নির্বাহী প্রকৌশলীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। তবে অনেক সড়ক প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের রাস্তা প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও বৃহৎ রক্ষণাবেক্ষণ প্রকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায় পাঁচ হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ প্রকল্প অনুমোদন করেছেন। রক্ষণাবেক্ষণ প্রকল্প সারা দেশ থেকে এলে মূল বাজেট থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। এই অর্থ থেকে উপজেলা নির্বাহী প্রকৌশলীরা প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারবেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, কার্পেটিংয়ের পর সড়ক সম্পূর্ণ শক্ত হতে সাধারণত ৭২ ঘণ্টা সময় লাগে। এ সময় সড়ক পাহারা দিতে ঠিকাদারকে দিনে ও রাতে দুজন করে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীদের দায়িত্বশীলভাবে কাজ করতে বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, সরকারের সিদ্ধান্ত ও মন্ত্রিপরিষদের অনুমোদন অনুযায়ী ২০২৮ সাল থেকে অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। এতে আগস্ট-সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত টানা শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ বাস্তবায়নের সুযোগ বাড়বে।
তিনি আরো জানান, জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে সংসদে একটি সংবিধান সংশোধন কমিটি কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা, দ্বিকক্ষ সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলো এ কমিটির আওতায় বিবেচনা করা হচ্ছে।
মতবিনিময় শেষে তিনি জানান, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী উপজেলা নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মূল্যায়নভিত্তিক আলোচনা করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহীদুল হাসান এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন