প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল বিভাগের প্রায় এক কোটি মানুষের চোখের চিকিৎসার জন্য প্রধান সরকারি ভরসা হিসেবে কাজ করছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)। প্রতিবছর এই বিভাগে নতুন করে প্রায় ৩০ হাজার মানুষ ছানি রোগে আক্রান্ত হলেও জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞের অভাব রয়েছে। এই কারণে রোগীদের চিকিৎসার জন্য বিভাগীয় শহরে যেতে হচ্ছে, যা যাতায়াত ব্যয়, ভোগান্তি এবং চিকিৎসার জন্য অপেক্ষার সময় বাড়িয়ে দিচ্ছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বিভাগের অন্য কোনো সরকারি হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ না থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে রোগীরা এখানে আসছেন। চিকিৎসক সংকটের কারণে রোগীদের সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক নিম্ন আয়ের রোগী দ্রুত চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন, ফলে চিকিৎসার ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৭০ বছর বয়সী জাহাঙ্গীর হাওলাদার জানান, তিনি কয়েক দিন ধরে চোখে ঝাপসা দেখছিলেন। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তাঁর চোখে ছানি পড়েছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বেশি হওয়ায় তিনি কম ব্যয়ে চিকিৎসা নিতে শের-ই-বাংলা মেডিকেলে এসেছেন।
চক্ষু বিভাগে একজন রেজিস্ট্রার, একজন সহকারী রেজিস্ট্রার এবং চারজন আইএমওসহ মোট ছয়জন চিকিৎসক থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন—একজন সহকারী রেজিস্ট্রার এবং একজন আইএমও। একজন রেজিস্ট্রার ও তিনজন আইএমওর পদ শূন্য রয়েছে।
রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, সরকারি পর্যায়ে চক্ষু বিশেষজ্ঞের বিকল্প ব্যবস্থা না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে। দূরবর্তী এলাকা থেকে আসা রোগীদের যাতায়াতের খরচও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু বিশেষজ্ঞ থাকলে স্থানীয়ভাবে কম খরচে চিকিৎসা নেওয়া সম্ভব হতো। পটুয়াখালী থেকে আসা এক যুবকও একই সংকটের কথা জানিয়েছেন।
বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া সাব্বির আহমেদ বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট এবং দীর্ঘ অপেক্ষার কারণে তিনি বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। সেখানে দ্রুত চিকিৎসা পাওয়া গেলেও খরচ অনেক বেশি।
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ডিবি পাল মন্তব্য করেন, সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসক সংকটের কারণে রোগীদের একটি বড় অংশ বেসরকারি হাসপাতালে ঝুঁকছেন। এই পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে প্রতিবছর অন্তত ৩০ হাজার মানুষ নতুন করে ছানি রোগে আক্রান্ত হন। অথচ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বিভাগের অন্য কোনো সরকারি হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ নেই। ফলে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার চাপ একমাত্র এই প্রতিষ্ঠানে পড়ছে।
সংশ্লিষ্টদের মতে, ছানি রোগের চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং জেলা-উপজেলা পর্যায়ে সেবার পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি।
এদিকে বরিশাল বিভাগকে ২০৩০ সালের মধ্যে ছানিমুক্ত করার লক্ষ্যে কাজ করছে বেসরকারি সংস্থা দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন। সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এ কে এম বদরুল হক জানান, এ লক্ষ্য বাস্তবায়নে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চিকিৎসক সংকট কাটাতে শূন্য পদে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। তিনি বলেন, জেলা পর্যায়ের হাসপাতালে একাধিক চক্ষু বিশেষজ্ঞ পদায়ন করা গেলে স্থানীয়ভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। এতে বরিশাল শহরে রোগীদের আসার প্রবণতাও কমবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন