প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের দ্রুত গতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই এবং নিরাপদ করার জন্য সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
একইসাথে, একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিল্প এবং মিডিয়া অংশীজনদের একত্রিত হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
আজ শুক্রবার, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সামিটের মূল আয়োজক হিসেবে কাজ করছে ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ একটি দ্রুতগতির ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। আমাদের দৈনন্দিন জীবন, আর্থিক ব্যবস্থা, মিডিয়া প্ল্যাটফর্ম, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্য আজ অনেক বেশি প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। তবে এই পরিবর্তনের সাথে সাথে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট আমাদের জাতীয় অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।
তিনি সতর্ক করে বলেন, আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে অথবা ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা হ্রাস পেলে আমাদের পুরো অগ্রগতি বিপর্যস্ত হতে পারে। তাই একটি জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা এবং দায়িত্বশীল ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে সকল অংশীজনকে যুক্ত হয়ে কাজ করতে হবে।
তথ্যের স্বচ্ছতা এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তা শুধু প্রাতিষ্ঠানিক কারিগরি বিষয় নয়, এটি সর্বসাধারণের সচেতনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তিনি জানান, আমরা যদি আমাদের নাগরিকদের সাইবার অপরাধ ও গুজব সম্পর্কে সচেতন করতে ব্যর্থ হই, তবে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছাতে পারবো না।
তথ্য প্রতিমন্ত্রী দৃঢ় আশাবাদ প্রকাশ করেন যে, আজকের এই প্ল্যাটফর্মটি আমাদের জাতীয় সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে কাজ করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সবসময় এই ধরনের দূরদর্শী উদ্যোগের পাশে থাকতে প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিওত্র কিজেউস্কি।
এই চমৎকার ও দূরদর্শী উদ্যোগটি আয়োজক সংস্থা ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ (টিটিপিজি)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শামীম রেজা এবং কৌশল ও রূপান্তর উপদেষ্টা মো. আবদুল্লাহ ফরিদকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত বিপুল সংখ্যক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ, সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন