প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগের সহিংস পন্থায় আবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা কতটুকু, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে আওয়ামী লীগপন্থি বুদ্ধিজীবীরা নানা ধরনের বয়ান সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তবে ইতিহাসের সাক্ষ্য দেয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া কোনো স্বৈরশাসকের পক্ষে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসা প্রায় অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমতও এটাই। এ ক্ষেত্রে রয়েছে অনেক দৃষ্টান্তও।
আওয়ামী লীগপন্থি অনেক বিশ্লেষক আর্জেন্টিনার স্বৈরশাসক জুয়ান প্রেরণের উদাহরণ টেনে আনে। উল্লেখ্য, জুয়ান প্রেরণ ১৯৫৫ সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্যারাগুয়ে, পানামা, ভেনেজুয়েলা ও সর্বশেষ স্পেনে নির্বাসিত জীবনযাপন করেছিলেন। ১৮ বছর পর, ১৯৭৩ সালে তিনি আর্জেন্টিনায় ফিরে আসেন এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নয়।
কিছু দেশের উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে। যেমন ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে ক্ষমতাচ্যুত বাথ পার্টির সাবেক কর্মকর্তা ও বিলুপ্ত সামরিক বাহিনীর সদস্যরা আবার ক্ষমতা এবং প্রভাব ফিরে পাওয়ার লক্ষ্যে ক্ষমতা হারানোর কিছুদিনের মধ্যেই সন্ত্রাসের পথ বেছে নেয়। তারা নতুন সরকার ও রাষ্ট্রীয় কাঠামোকে ব্যর্থ প্রমাণ করতে নৈরাজ্য সৃষ্টি করা শুরু করে। বোমা হামলা, সরকারি কর্মকর্তাদের গুপ্তহত্যা, তেল ও বিদ্যুৎ কাঠামোতে ব্যাপক নাশকতা চালায়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নতুন প্রশাসনকে অকার্যকর করে তোলা। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়।
ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার পর ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠী এবং বিপ্লব-পরবর্তী ক্ষমতার দ্বন্দ্বে ছিটকে পড়া মঙজাহিদিন-ই-খালক পার্টি চরম সহিংসতার পথ বেছে নেয়। তারা ১৯৮১ সালে তেহরানে একটি রাজনৈতিক দলের সদর দপ্তরে বোমা হামলা চালিয়ে তৎকালীন প্রধান বিচারপতিসহ শীর্ষস্থানীয় ৭০ জন নেতাকে হত্যা করেছিল। নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ধারাবাহিক গুপ্তহত্যা চালানো হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল নতুন সরকার যাতে স্থিতিশীল না হতে পারে।
আরব বসন্তের পর তিউনিসিয়ার রাজনীতিতে একই ধরনের পরিস্থিতি দেখা যায়। ২০১১ সালে আরব বসন্তের সময় জনরোষের মুখে তিউনিসিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক জয়নুল আবেদীন বেন আলি ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে আশ্রয় গ্রহণ করে। কিন্তু পরে সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বেন আলির শাসনযন্ত্রের সুবিধাভোগীরা চরমপন্থিদের সহযোগিতায় ভয়াবহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের লক্ষ্য ছিল সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া পুরোপুরি নস্যাৎ করে দেওয়া। ২০১৩ সালে তারা বাম ঘরানার দুজন জনপ্রিয় নেতাকে হত্যা করে সমাজে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
১৯১৭ সালে রুশ বিপ্লবের পর রাশিয়ায় একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুরোনো শাসকগোষ্ঠী, জার রাজতন্ত্রের অনুগত সামরিক কর্মকর্তারা এবং অভিজাত শ্রেণির মানুষজন বলশেভিক সরকারকে উৎখাত করতে সহিংসতা ও গুপ্তহত্যার আশ্রয় নিয়েছিল, যাকে তখন শ্বেত সন্ত্রাস হিসেবে অভিহিত করা হয়েছিল। ফরাসি বিপ্লবের পরও একই ঘটনা ঘটেছিল। ইতিহাসে এ রকম আরো অনেক ঘটনার নজির রয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানীরা নানা ধরনের বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শাসকরা তিন পর্যায়ে সহিংসতা চালিয়ে থাকে।
প্রথমত, গুজব ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি করে জনগণের মনে বিভ্রান্তি ছড়ানো।
দ্বিতীয়ত, অবকাঠামোতে নাশকতা যেমন আগুন লাগানো এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে রাষ্ট্রকে অচল করে দেওয়া।
তৃতীয়ত, গুপ্তহত্যা ও বোমা হামলার মাধ্যমে চরম আতঙ্ক সৃষ্টি করা। সম্প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে এ ধরনের আলামত ফুটে উঠেছে।
আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা এই অভিমত দিয়েছেন যে, সন্ত্রাসবাদের মাধ্যমে সাময়িকভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করা গেলেও তা কখনোই ক্ষমতায় ফেরার টেকসই পথ তৈরি করতে পারে না। যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাক্স আব্রাহাম তার ‘Terrorism does not work’ শীর্ষক গবেষণায় দেখিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে ৯৩ শতাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়। সাধারণ মানুষ, যানবাহন বা জনজীবনকে লক্ষ্য করে হামলা চালালে জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ হওয়ার পরিবর্তে হামলাকারীদের ওপরই চরমভাবে ক্ষুব্ধ হয়ে পড়ে। এর ফলে ক্ষমতাচ্যুত দলটির পক্ষে আবার ক্ষমতায় ফিরে আসার ন্যূনতম নৈতিক ভিত্তি নষ্ট হয়ে যায়।
রাষ্ট্রবিজ্ঞানের তথ্য অনুযায়ী, চোরাগুপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অজনপ্রিয় রাজনৈতিক দলের ক্ষমতায় ফিরে আসার চেষ্টা আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে সরকারকে কিছুটা সমস্যায় ফেলতে পারলেও শেষ পর্যন্ত সফল হওয়া সম্ভব নয়।
ক্ষমতার যুদ্ধে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পর নতুন সরকারের অভ্যন্তরীণ সংহতি আরো বৃদ্ধি পায়। বিপ্লবের পর নতুন সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নানা ধরনের মতভেদ সৃষ্টি হয়, কিন্তু ক্ষমতাচ্যুত পক্ষ যখন সন্ত্রাসের পথ বেছে নেয়, তখন অভিন্ন শত্রু মোকাবিলার তাগিদে ওই পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে যায়। সরকারকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ও দমনমূলক পদক্ষেপ নেওয়ার বৈধতা এনে দেয়।
কিন্তু যদি কোনো একটি বৈদেশিক শক্তি অন্য একটি স্বাধীন দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য মদত দেয়, সে ক্ষেত্রে সংকটটা হয়তো একটু দীর্ঘ হতে পারে। যেমন ভারত ৭০-এর দশকে, বিশেষ করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটতে একদল তরুণকে মদত দিয়েছিল। ওই সময় শেখ হাসিনা ভারতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। একইভাবে আশির দশকে পর্বতে চট্টগ্রামের শান্তি বাহিনীকে মদত দিয়ে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। ২৪ জুলাই গণবিপ্লবের পর বাংলাদেশে আবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি লক্ষ করা যাচ্ছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, এবারও যখন একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তখনো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। তবে এবার শুধু নিজের পরিবার-পরিজন নিয়ে নয়, দলের শীর্ষস্থানীয় অধিকাংশ নেতাদের সঙ্গে নিয়ে আছেন এবং বাংলাদেশের অভ্যন্তরে আগেকার স্টাইলে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে।
ভারতের আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়ও আশির দশকে আমাদের পার্বত্য চট্টগ্রামের মতো এলটিটি দিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করানো হয়েছিল। শ্রীলঙ্কার সরকারকে দীর্ঘ সময় লেগেছিল সেই রক্তাক্ত সন্ত্রাস দমন করতে। সুতরাং বিদেশি শক্তি মদত দিলে সন্ত্রাস দমনে সময় একটু বেশি লাগতে পারে; কিন্তু ক্ষমতায় ফিরে আসা প্রায় অসম্ভব।
লেখক: সিনিয়র সাংবাদিক
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন