প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে দেশের সব শিক্ষার্থীর মধ্যে এআই বিষয়ে দক্ষতা গড়ে তুলতে চায়। এই লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে এআই শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি শ্রেণিকক্ষে রোবট, এআইভিত্তিক পাঠদান এবং ব্যক্তিগত শেখার উপযোগী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
বেইজিংয়ের একটি বেসরকারি বিদ্যালয়ের ১৩ বছর বয়সী শিক্ষার্থী পেং গাওদি ইতোমধ্যে এআই ব্যবহার করে ২০০টির বেশি অ্যাপ তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বাড়ির কাজ জমা দেওয়ার প্ল্যাটফর্ম এবং পুরনো পণ্য কেনাবেচার জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস। তার সহপাঠীরা মানবসদৃশ রোবটের মাধ্যমে ফুটবল খেলা, কোডিং এবং ফ্লাইট সিমুলেটরে প্রশিক্ষণ নিচ্ছে।
সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বেইজিংয়ের নিউ ট্যালেন্ট একাডেমিতে দুই হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। সেখানে এআই, রোবটিকস ও প্রোগ্রামিংয়ের জন্য আলাদা পাঠ্যক্রম রয়েছে। বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য নিজস্ব এআই মডেলও তৈরি করেছে। তবে চীনের এই উদ্যোগ শুধুমাত্র অভিজাত বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামাঞ্চলের স্কুলগুলোতেও শিক্ষকসংকট মোকাবিলায় এআই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।
আনহুই প্রদেশের ফুনান কাউন্টি ছিনছিং হাইস্কুলে প্রায় চার হাজার শিক্ষার্থী ট্যাবলেটের মাধ্যমে এআই-তৈরি পাঠ গ্রহণ করছে। শিক্ষার্থীরা যদি কোনো বিষয়ে সমস্যায় পড়ে, তবে এআই এজেন্ট সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্নের মাধ্যমে সমাধান খুঁজতে সহায়তা করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইয়াং তিয়ানলিয়াং জানিয়েছেন, এতে শিক্ষার্থীদের নিজে চিন্তা করে শেখার সুযোগ তৈরি হচ্ছে।
শিক্ষায় এআই ব্যবহারে সরকারি উদ্যোগ
চীনের শিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সাল থেকেই বিদ্যালয়গুলোতে এআই কোর্স চালু, শিক্ষকদের প্রশিক্ষণ এবং পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে উৎসাহ দিয়ে আসছে। ছোট শিক্ষার্থীদের এআইয়ের প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের এআই কীভাবে কাজ করে, তা বোঝানো এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রকল্প তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রয়টার্সের পর্যালোচনা করা সরকারি ক্রয়সংক্রান্ত ১০০টির বেশি নথিতে দেখা গেছে, গত এক বছরে শ্রেণিকক্ষে এআই সরঞ্জাম, শিক্ষক প্রশিক্ষণ এবং পাঠদান প্ল্যাটফর্মের জন্য অন্তত ৩ কোটি ১০ লাখ ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
দেশটির প্রায় অর্ধেক প্রদেশ ও পৌর এলাকায় এআই শিক্ষার জন্য বাধ্যতামূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাংহাইয়ে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বছরে অন্তত ৩০ ঘণ্টা এআই বিষয়ে পাঠ দেওয়ার নির্দেশনা রয়েছে। বেইজিংয়ে ১০০টি পরীক্ষামূলক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। নিংজিয়া ও গানসুসহ কয়েকটি অঞ্চলে ২০২৭ সালের মধ্যে স্কুলে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষায় এআই সাক্ষরতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এআইয়ের ওপর নির্ভরশীলতা নিয়ে উদ্বেগ
শিক্ষায় এআই ব্যবহারের সুফল থাকলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। রয়টার্সের পর্যালোচনা করা একটি গবেষণায় প্রায় ২৭ হাজার চীনা কিশোরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এআই ব্যবহারের সঙ্গে বাড়ির কাজের নম্বরে ১৮ শতাংশ উন্নতি হলেও ছয় মাসের মধ্যে মাসিক পরীক্ষার নম্বর ২০ শতাংশ কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে। বিশেষ করে সামাজিক বিজ্ঞান বিষয়ে এই অবনতি বেশি দেখা গেছে।
এ ছাড়া তিন লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর করা একটি জাতীয় জরিপে এআই ব্যবহারের কিছু শিক্ষাগত সুবিধার পাশাপাশি স্মৃতিশক্তি, অনুধাবন, বিশ্লেষণ ও সৃজনশীল চিন্তার দক্ষতা কমে যাওয়ার আশঙ্কা উঠে এসেছে। সপ্তাহে অন্তত তিনবার এআই ব্যবহার করা শিক্ষার্থীদের মধ্যে এসব দক্ষতার তুলনামূলক দুর্বলতার বিষয়টি দেখা গেছে। তবে এসব গবেষণা এআই ব্যবহারের কারণেই দক্ষতা কমছে, এমনটি নিশ্চিত করে না।
শিক্ষাবিদদের আশঙ্কা, শিক্ষার্থীরা কোনো সমস্যার সমাধান নিজে খোঁজার পরিবর্তে দ্রুত উত্তরের জন্য এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। এতে তাদের চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
এই ঝুঁকি মোকাবিলায় কিছু অভিভাবক ও শিক্ষক বিশেষ নিয়ম অনুসরণ করছেন। বেইজিংয়ের এক অভিভাবক তাঁর ১১ বছর বয়সী মেয়েকে কোনো কঠিন গণিতের সমস্যা সমাধানে প্রথমে ১৫ মিনিট নিজে চেষ্টা করতে বলেন। এরপর এআইয়ের সহায়তা নিতে দেন। কয়েক দিন পর একই সমস্যার সমাধান আবারও এআইয়ের সাহায্য ছাড়া করতে বলেন, যাতে শেখা বিষয়টি সে সত্যিই বুঝেছে কি না, তা যাচাই করা যায়।
চীনের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের এআই ব্যবহারে দক্ষ করে তোলা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিগত প্রতিযোগিতায় সক্ষম উদ্ভাবক তৈরি করা। তবে দেশটিতে এখনো এআই সাক্ষরতা পরিমাপের জন্য অভিন্ন কোনো জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠিত হয়নি। ফলে এ উদ্যোগের সাফল্য কতটা, তা নির্ধারণ করাও কঠিন হয়ে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন