প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, সাম্য ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের জন্য অনন্ত প্রেরণার উৎস। সুস্থ সংস্কৃতির বিকাশ একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।’
শিক্ষামন্ত্রী জানান, নজরুলবর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরো বিস্তৃত হবে।
মন্ত্রী স্মরণ করেন, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুলবর্ষ ঘোষণা করেন। তিনি মন্তব্য করেন যে, এর ফলে সারা দেশে নজরুলচর্চা নতুন মাত্রা পেয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ভিকারুননিসা নূনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেশ গঠনে মেধাবী ও সংস্কৃতিমনা প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তব্যের এক পর্যায়ে সংস্কৃতিমন্ত্রী নজরুলের কবিতা আবৃত্তি করে তার বহুমাত্রিক প্রতিভার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, ইসলামী সংগীত ও শ্যামাসংগীত রচনার মাধ্যমে নজরুল ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মন্ত্রী নজরুলের রচনায় আরবি, ফারসি, উর্দু ও বিভিন্ন বিদেশি শব্দের সৃজনশীল ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এতে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হয়েছে।
মন্ত্রী সুস্থ সাংস্কৃতিক বিকাশে নৌকাবাইচ, যাত্রাশিল্প, বাউল গান, হাছন রাজা, লালন ও বিজয় সরকারের গানের চর্চা ও প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি মন্তব্য করেন যে, পাহাড় ও সমতলের সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলনেই বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছে।
ছাত্রীদের উদ্দেশে নারীশক্তির জাগরণ ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক উদ্যোগের কথাও বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে সংস্কৃতিমন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন