প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দুটি এলাকা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, এসব ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সৌদি জোট জানায়, ইরান-সমর্থিত হুতিরা দেশের পূর্বাঞ্চল লক্ষ্য করে তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে, দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চারটি ড্রোন পাঠানো হয়।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ পূর্বাঞ্চল এবং খার্জ প্রদেশে সম্ভাব্য শত্রুতার হুমকির জন্য প্রাথমিক সতর্কতা জারি করেছিল। পরে তারা জানায় যে, উভয় এলাকাতেই বিপদ কেটে গেছে। গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত কিছু এলাকা দখল করে নেয় হুতিরা। এরপর থেকেই সৌদি আরব তাদের লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে।
হুতিরা বাব আল-মান্দেব প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে, যা বিশ্বের অন্যতম প্রধান সমুদ্র বাণিজ্য পথ। পারস্য উপসাগরের তেল রফতানিকারকদের জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর মতোই এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।
সাম্প্রতিক এই সংঘাতের ফলে ২০২২ সালে জাতিসংঘ-মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি হুমকির মুখে পড়েছে। ওই চুক্তির পর সৌদি জোট ও হুতিদের মধ্যে আক্রমণ বড় পরিসরে বন্ধ ছিল।
উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জোগায়। অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানাসহ বড় একটি অংশ বর্তমানে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন