প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজায় ইসরাইলের যুদ্ধ সংক্রান্ত সংবাদ প্রচারে বিবিসি ধারাবাহিকভাবে ইসরাইলের পক্ষে অবস্থান নিচ্ছে, এমন একটি তথ্য উঠে এসেছে এক অনুসন্ধানে। সংবাদ বিশ্লেষণবিষয়ক প্ল্যাটফর্ম নিউজকর্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনিদের তুলনায় ইসরাইলের অবস্থান ছয় গুণেরও বেশি বার তুলে ধরেছেন বিবিসির উপস্থাপকরা।
‘বিবিসি: উড স্যে ফাইলস’ শীর্ষক অনুসন্ধানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৪ নভেম্বর পর্যন্ত বিবিসিতে প্রচারিত ৫১ হাজার ৩০৩টি নিউজ অনুষ্ঠান এবং ১ হাজার ৬১৮টি সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচকদের সাক্ষাৎকার নেওয়ার সময় বিবিসির উপস্থাপকরা ২৫২ বার ইসরাইলের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। অন্যদিকে, ইসরাইলের পক্ষের ব্যক্তিদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা হয়েছে মাত্র ১৫ বার।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সমালোচকদের সাক্ষাৎকারের ৯ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে উপস্থাপকরা ইসরাইলের যুক্তি তুলে ধরেছেন। এদিকে, ইসরাইলের সমর্থকদের সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের যুক্তি তুলে ধরার হার মাত্র ১ দশমিক ৫ শতাংশ।
নিউজকর্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিমা আকরাম মন্তব্য করেন, বিবিসি শুধুমাত্র ইসরাইলের বক্তব্য প্রচার করছে না, বরং অনেক ক্ষেত্রে ইসরাইলের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরছে। প্রতিবেদনে আরও দেখা গেছে, ‘ইসরাইল হয়তো বলবে’ এবং ‘ফিলিস্তিনিরা হয়তো বলবে’—এ ধরনের শব্দবন্ধ ব্যবহারের ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য বিদ্যমান।
ইসরাইলের কোনো দাবির বিপরীতে ফিলিস্তিনি বা জাতিসংঘের বক্তব্য যুক্ত করা হয়েছে মাত্র ২৫ শতাংশ ক্ষেত্রে। বিপরীতে, ইসরাইলের সমালোচনার পর দেশটির পাল্টা বক্তব্য যুক্ত করা হয়েছে ৪৯ শতাংশ ক্ষেত্রে।
অনুসন্ধানে আরও বলা হয়েছে, ইসরাইলের শীর্ষ নেতাদের বিতর্কিত বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, ২৫২টি সাক্ষাৎকারের মধ্যে মাত্র একটিতে বিবিসির উপস্থাপক সরাসরি এসব বক্তব্যের একটি উল্লেখ করেছেন।
আকরাম বলেন, নিরপেক্ষতার কথা বললে ইসরাইল ও ফিলিস্তিন—উভয় পক্ষের জন্য একই মানদণ্ড অনুসরণ করা উচিত। ইসরাইলের সমর্থকদের কাছে যেমন ফিলিস্তিনিদের বক্তব্য তুলে ধরা প্রয়োজন, তেমনি ইসরাইলের বক্তব্য প্রচারের সময় দেশটির নেতাদের নিজস্ব মন্তব্যও যাচাই করা উচিত।
এদিকে, গাজা নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতের অভিযোগে বিবিসি দীর্ঘদিন ধরেই সমালোচনার সম্মুখীন হচ্ছে। ২০২৪ সালে সাংবাদিক ও লেখক ওয়েন জোন্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিবিসির ১৩ জন বর্তমান ও সাবেক কর্মীর অভিযোগ তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যবিষয়ক সম্পাদক রাফি বার্গের বিরুদ্ধে ইসরাইলের দায় আড়াল করার অভিযোগও ছিল। তবে বার্গ ও বিবিসি এসব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: দ্য নিউআরব
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন