প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে তপন সরকার নামে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এই ঘটনার সময়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই শিক্ষক অভিনব কায়দায় ‘অজ্ঞান হওয়ার ভান’ ধরলেও শেষ রক্ষা হয়নি।
ঘটনাটি সোমবার (৯ নভেম্বর) উপজেলার ৬৪ নম্বর নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সরকার দীর্ঘদিন ধরে কতিপয় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নে লিপ্ত ছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা সম্প্রতি তাদের অভিভাবকদের বিষয়টি জানালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ভিড় জমান এবং অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। মুহূর্তের মধ্যে বিদ্যালয়ের চত্বরে শত শত মানুষ জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন।
এদিকে পরিস্থিতি বেগতিক দেখে এবং নিজের অপরাধ ঢাকতে শিক্ষক তপন সরকার এক অভিনব কৌশল অবলম্বন করেন। জনরোষ থেকে বাঁচতে তিনি হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হওয়ার ভান ধরেন। শিক্ষক তপন এমনভাবে নিস্তেজ হয়ে পড়েছিলেন যেন তিনি সত্যিই স্ট্রোক করেছেন বা জ্ঞান হারিয়েছেন। তবে উপস্থিত সচেতন জনতা ও অভিভাবকরা তার এই নাটক ধরে ফেলেন এবং বুঝতে পারেন এটি নিজেকে বাঁচানোর একটি ফন্দি মাত্র।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ও সহকারী শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ওই শিক্ষককে নাটকীয় ভনিতা থেকে তুলে নিয়ে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোমলমতি শিশুদের সুরক্ষার দায়িত্বে থাকা একজন শিক্ষকের এমন নৈতিকতাহীন আচরণে ফুঁসে উঠেছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকরা। তারা অবিলম্বে ওই শিক্ষকের কঠোর শাস্তি এবং চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার এসব বিষয়ে শিক্ষা অফিসকে কখনোই অবহিত করেনি বলেও অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, সংবাদটি পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত বলে জানায়। শিক্ষা অফিস থেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দাদন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষক তপন সরকারের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন