প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মেট্রোপলিটন এলাকার গত ছয় মাসে (জানুয়ারী-জুন) তিন হাজার ২১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে মহানগরীর বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে এক হাজার ৮৫৪টি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ছয় মাসে দায়ের করা মামলার মধ্যে রয়েছে হত্যা মামলা ২০টি, ডাকাতি মামলা সাতটি, ডাকাতি ও ছিনতাই মামলা ২৮টি। নারীর বিরুদ্ধে নির্যাতন দমন ও নারী ও শিশু সুরক্ষায় বিশেষ জোর দিয়ে ১৭৬টি মামলা দায়ের করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিভিন্ন অভিযান ও মামলা দায়ের করার পাশাপাশি পুলিশ মোট তিন হাজার ২১৭ আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৪৬ জন ছিনতাইকারী, ২৩ জন ডাকাত এবং ডাকাতির প্রস্তুতিকালে ৩৫৪ জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়া, মাদকবিরোধী অভিযানে ৯৮৮ জন মাদক কারবারি এবং ৯০১ জন মাদক সেবনকারীকে আইনের আওতায় আনা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ৫১ হাজার ৫৬০ পিস ইয়াবা, ৩৫৭ কেজি গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম হেরোয়িন, ৫৩০ পিস প্যাথিডিন এবং ৪৬ লিটার দেশীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মাদক ও অস্ত্র উদ্ধারের পর মাদকসংক্রান্ত ৮১২টি এবং অস্ত্রসংক্রান্ত ৬০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গত ছয় মাসে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত ২১ জুন এবং ৩ জুলাই সিটি করপোরেশনের পৃথক স্থানে ঝটিকা মিছিল ও পুলিশের ওপর হুমকির ঘটনায় ব্যবস্থা নিয়ে সাতটি মামলা দায়ের করেছে। এসব ঘটনায় জড়িত ৯৫ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি, টঙ্গি পূর্ব থানা এলাকায় শিল্প খাতের অন্যতম উৎস ‘ঝুট’ ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের চেষ্টাকারীদের বিষয়েও ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ সংক্রান্ত অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় পুলিশ কমিশনার বলেন, জনগণের জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন