প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : ইংল্যান্ড শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে।
গত রাতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ৮৯ রানে শ্রীলংকাকে পরাজিত করেছে। ব্যাটিংয়ে ৪৬ রান করার পাশাপাশি, বল হাতে ২২ রানে ৫ উইকেট দখল করেন জ্যাকস।
চেষ্টার লি স্ট্রিটে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং শুরু করে। অধিনায়ক হ্যারি ব্রুকের হাফ-সেঞ্চুরির সাহায্যে ৩৫ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহের দিকে এগোচ্ছিলো ইংল্যান্ড। এই সময় ব্রুক ৭টি চারের সাহায্যে ৬৭ রান করেন, এছাড়া জো রুট ৪৪, বেন ডাকেট ৩২ এবং জশ বাটলার ৩১ রান করেন।
পরবর্তীতে, জ্যাকসের সাথে আর কোন ব্যাটার সঙ্গ দিতে না পারায় ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে যায়। জ্যাকস ৪৭ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন, যেখানে ৫টি চার ছিল।
শ্রীলংকার আসিথা ফার্নান্দো এবং অভিষিক্ত স্পিনার সাচিন্দু কলোম্বাগে ৩টি করে উইকেট নেন।
শ্রীলংকা যখন জবাব দিতে নামে, তখন তাদের স্বীকৃত ব্যাটাররা বড় কোন জুটি গড়তে ব্যর্থ হয়। ১০০ রান তুলতেই তারা ৫ উইকেট হারায়। অধিনায়ক কুশল মেন্ডিস ৪২, পাথুম নিশাঙ্কা ২৭ এবং কামিন্দু মেন্ডিস ১৪ রান করেন।
এরপর ১৩৩ রানে সপ্তম উইকেট পতনের পর শ্রীলংকা দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে। তবে অষ্টম উইকেটে দুশমান্থ চামিরা ও দুনিথ ওয়েলালাগে ৩৬ বলে ৪৩ রানের জুটি গড়ে লংকানদের ১৭৬ রানে পৌঁছাতে সাহায্য করে।
৩৭তম ওভারে জ্যাকস তিন উইকেট তুলে নিয়ে শ্রীলংকাকে ১৭৬ রানে আটকে দেন। ওয়েলালাগে ৩৬ বলে ৪৫ রান করেন। জ্যাকস ৭ ওভার বল করে ২২ রানে ৫ উইকেট নেন এবং ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিং পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হন এই ইংলিশ ক্রিকেটার।
আগামীকাল লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দুই দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন