প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় সম্প্রতি একটি চুরির ঘটনা ঘটেছে।
রাজধানীর মণিপুর এলাকায় অবস্থিত তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা স্বর্ণে র গয়না, নগদ অর্থ এবং দামি ঘড়ি চুরি করে নিয়ে গিয়েছে। বৃহস্পতিবার, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।
অভিনেত্রী ববি জানান, গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, "চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই।" তার ভাষ্যমতে, "এটি ছিল সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধীদের কাজ।" তারা মুহূর্তের মধ্যে মানুষের কষ্টার্জিত সম্পদ লুট করে নিয়ে যায়।
ববি আরও জানান, ঈদের আনন্দ তার জীবনে গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্বৃত্তরা তার প্রয়াত বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং কয়েকটি দামি ঘড়ি চুরি করে নিয়ে গেছে। এসবের সঙ্গে আর্থিক মূল্যের পাশাপাশি বহু স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল।
চুরির ঘটনায় ফারুক নামের একজন ব্যক্তিকে তার স্ত্রীর সঙ্গে গ্রেফতার করার বিষয়টিও অভিনেত্রী জানান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এখনো চুরি যাওয়া অধিকাংশ স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার হয়নি বলে উল্লেখ করেন ববি।
শেষে, বাকি স্বর্ণালংকার এবং অন্যান্য জিনিসপত্র দ্রুত উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, "জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।"
এদিকে পুলিশের কাছে দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, স্বর্ণালংকার, দামি ঘড়ি এবং নগদ টাকাসহ চুরি যাওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন