প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের জন্য কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গারা অপেক্ষা করছে। বৃহস্পতিবার রায়ের আগে কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছিল কি না, সেটিই মামলার কেন্দ্রীয় প্রশ্ন।
২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে এই মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালের সামরিক অভিযানের মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ওই অভিযানের ফলে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। তাঁদের মধ্যে অনেকে হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনা করেছেন।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ওই অভিযানটি ছিল সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত একটি সন্ত্রাসবিরোধী অভিযান।
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের কাছে আইসিজের রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে।
আইসিজের রায় চূড়ান্ত এবং আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের সরাসরি ব্যবস্থা সীমিত। মিয়ানমার রায় মানতে অস্বীকার করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন