প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর ফাজিলপুরে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রমের অংশ হিসেবে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সদর উপজেলার ফাজিলপুরে জান বখশ ভূঁইয়া বাড়ির নূরুন নাহার-মনি দাতব্য ও চক্ষু হাসপাতালে এই ক্যাম্পটি সম্পন্ন হয়।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি করা। বিশেষ করে নিউরোলজি ও মেডিসিন-সংক্রান্ত জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য ক্যাম্পটি ছিল একটি অনন্য সুযোগ।
ক্যাম্পের প্রধান চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন দেশের প্রখ্যাত নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। তিনি এমবিবিএস, এমডি (নিউরোলজি) ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী। অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক।
পুরো আয়োজনটি সার্বিক তত্ত্বাবধান করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকার শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. এবিএম হারুন।
ক্যাম্পে একদিনে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের সুবিধার কথা বিবেচনা করে দুই পর্বে সেবা প্রদানের সময় নির্ধারণ করা হয়েছিল। প্রথম পর্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখা হয়। এর আগে সুশৃঙ্খলভাবে সেবা দেওয়ার লক্ষ্যে গত ১০ নভেম্বর পর্যন্ত সিরিয়াল বুকিংয়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
ক্যাম্প শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ জানান, "ফেনীতে প্রচুর নিউরো রোগী রয়েছেন। নিউরো সমস্যা অত্যন্ত জটিল একটি বিষয়। তবুও দীর্ঘ অভিজ্ঞতার কারণে রোগী দেখলেই তার কী চিকিৎসা প্রয়োজন, তা বুঝতে পারি।"
আয়োজক ডা. এবিএম হারুন সম্পর্কে তিনি বলেন, "ডা. হারুন খুবই ভালো মানুষ। নিজের এলাকা ও গ্রামের মানুষের উন্নয়নে তিনি পুরো একটি কমপ্লেক্স গড়ে তুলেছেন। যেখানে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও আশ্রয়কেন্দ্রসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ চোখে পড়ে। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ডা. এবিএম হারুন বলেন, "প্রতিমাসেই ফেনীর মানুষের জন্য আমার প্রতিষ্ঠানে বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। নিউরো চিকিৎসা একটি জটিল ও ব্যয়বহুল বিষয়। ঢাকায় গিয়ে বড় চিকিৎসকের পরামর্শ নেওয়া গ্রামের সাধারণ মানুষের জন্য অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে।"
নিজ জেলার মানুষের কথা চিন্তা করেই তিনি এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ক্যাম্পে আসা রোগী ও তাদের স্বজনরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, "নিজ এলাকায় বসে দেশের খ্যাতনামা একজন নিউরোলজিস্টকে দেখাতে পেরে আমরা খুবই উপকৃত হয়েছি।" অনেকেই দীর্ঘদিন ধরে মাথাব্যথা, হাত-পা অবশ হয়ে যাওয়া, স্ট্রোক পরবর্তী জটিলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া ও স্নায়ুজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ক্যাম্পে এসে তারা সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা পেয়েছেন।
আয়োজকরা জানান, নূরুন নাহার-মনি দাতব্য ও চক্ষু হাসপাতাল শুধুমাত্র চক্ষু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে নিয়মিত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়াই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক ও হাসপাতালের কর্মীরা ক্যাম্প সফল করতে সার্বিক সহযোগিতা করেন। দিনব্যাপী এই আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে গ্রামের মানুষ আরও বেশি উপকৃত হবেন এবং বিশেষজ্ঞ চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন