প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচকে ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি। উদ্বোধনের পরপরই মাঠে নামে ২নং বোয়ালখালী একাদশ ও ৩নং কবাখালী একাদশ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বোয়ালখালী একাদশ। প্রতিপক্ষকে চাপে রেখে ধারাবাহিক আক্রমণের মাধ্যমে চারটি গোল আদায় করে তারা। নির্ধারিত সময় শেষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোয়ালখালী।
খেলা উপলক্ষে স্টেডিয়ামের চারপাশে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উচ্ছ্বাস উদ্বোধনী ম্যাচকে স্মরণীয় করে রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি বলেন, খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই এ আয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, ক্রীড়া চর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। দীঘিনালা জোনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
স্থানীয়দের প্রত্যাশা, টুর্নামেন্টের মাধ্যমে উপজেলার নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন