প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ ওঠার পর মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামে মনিরুল হাওলাদারের বাড়িতে দেখা দিয়েছে নীরবতা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় মনিরুলের মা, বড় ভাইসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের একজন অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুল হাওলাদার সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের কনিষ্ঠ ছেলে। এলাকায় থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির ধুরাইল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়দের দাবি। তিনি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন বলেও জানান স্থানীয়রা।
প্রায় দেড় বছর আগে দালালের মাধ্যমে ২৮ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান মনিরুল। স্থানীয়দের ভাষ্য, বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের টাকাও এখনো পুরোপুরি পরিশোধ করতে পারেননি তিনি।
গ্রামে মনিরুলের পরিবারের বসবাস একটি জরাজীর্ণ দোচালা ঘরে। সেখানে তাঁর বৃদ্ধা মা আলেয়া বেগম ও বড় ভাইয়ের পরিবার থাকতেন। তাঁর তিন বোনের বিয়ে হয়ে গেছে। ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মা ও ভাইয়ের পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে জানান স্থানীয়রা।
মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, “এখনো বাড়িঘর করতে পারেনি। ঋণের বোঝা মাথার ওপর। টাকা-পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎভাই, আমাকে এক পয়সাও দেয় না। বিদেশে বসে এ দেশের মান-সম্মান নষ্ট করেছে। ওর বিচার হোক। আমরা ওর সঙ্গে নেই। ওর মা, বোন, ভাই—সবাই পালিয়েছে।”
এলাকাবাসীর কয়েকজন বলেন, বিদেশের মাটিতে এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মনিরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে ঘটনার পর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, “ঘটনাটি জানার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়িঘরে হামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেও জানানো হয়েছে। তিনিও প্রয়োজনীয় সহযোগিতা করছেন।”
তবে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় মনিরুল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন